রোমার বিপক্ষে ড্রয়ের পর ফেনেরবাচে কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

একটি ড্রয়ের পরই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ফেনেরবাচের কোচ ইসমাইল কারতাল। তবে তাঁর সেই পদত্যাগপত্র গ্রহণ করেননি ক্লাব সভাপতি আজিজ ইলদিরিম। ফলে পদত্যাগের ঘোষণা দিয়েও আপাতত ফেনেরবাচের দায়িত্বেই থাকছেন কারতাল।
চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে এএস রোমার সঙ্গে ১-১ গোলে ড্র করে ফেনেরবাচে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কারতাল জানান, ক্লাবের ‘পথ সুগম করতেই’ তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ফেনেরবাচের দায়িত্বে আর ফেরারও পরিকল্পনা নেই বলে জানান তিনি। তাঁর দাবি, দলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে কারতালের ঘোষণার কিছুক্ষণ পরই পরিস্থিতি পাল্টে যায়। ফেনেরবাচের সভাপতি আজিজ ইলদিরিম জানিয়ে দেন, তিনি কোচের পদত্যাগপত্র গ্রহণ করেননি। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তিনি স্পষ্ট করেন, কারতাল এখনো দলের দায়িত্বে রয়েছেন এবং এই মুহূর্তে তাঁর সমর্থন প্রয়োজন।
সংবাদ সম্মেলনের পর কারতালের সঙ্গে কথা বলেন ইলদিরিম। সেই আলোচনায় কোচ তাঁর সিদ্ধান্তের পেছনে কাজের তীব্র মানসিক চাপের কথা জানান। ম্যাচ চলাকালে গ্যালারি থেকে ছোড়া বোতলের আঘাত পাওয়ার ঘটনাটিও উল্লেখ করেন তিনি।
বোতল ছোড়ার ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখেছে ফেনেরবাচে কর্তৃপক্ষ। ক্লাব জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত দর্শককে শনাক্ত করা হয়েছে এবং তাঁকে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে কিছু সমর্থক ও সংবাদমাধ্যমের পক্ষ থেকে কারতালের ওপর অব্যাহত মানসিক চাপ ও সমালোচনারও কড়া সমালোচনা করেছেন ইলদিরিম।
কারতালের পদত্যাগের ঘোষণা শুধু সমর্থকদেরই নয়, অবাক করেছে খেলোয়াড়দেরও। ম্যাচে প্রথমার্ধে ব্রায়ান ক্রিস্তান্তের গোলে এগিয়ে যায় রোমা। এরপর ৪৮তম মিনিটে ফেনেরবাচেকে সমতায় ফেরান ইংলিশ ডিফেন্ডার আর্চি ব্রাউন।
ম্যাচ শেষে ব্রাউন জানান, কোচের পদত্যাগের সিদ্ধান্ত সম্পর্কে তিনি আগে কিছুই জানতেন না। ফলে কারতালের পদত্যাগের ঘোষণা ও পরে তা গ্রহণ না করার ঘটনায় ফেনেরবাচের শিবিরে তৈরি হয়েছে নতুন আলোচনা।
ভোরের আকাশ/সু.পা