কষ্ট সহ্য করার মানসিকতাই আমাদের শক্তি : স্কালোনি

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে এখনও টিকে আছে আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে একের পর এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে লিওনেল স্কালোনির দলকে। কেপ ভার্দে ও মিশরের পর এবার কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডও কঠিন লড়াই উপহার দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।
কানসাস সিটিতে অনুষ্ঠিত শেষ আটের ম্যাচে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে জয় পেলেও পুরো ম্যাচজুড়ে প্রতিপক্ষের চাপ সামলাতে হয়েছে আলবিসেলেস্তেদের।
ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও সেই লিড ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। ৬৭তম মিনিটে সমতা ফেরায় সুইজারল্যান্ড। এরপর ৭২তম মিনিটে ব্রিল এমবোলো লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও ১০ জনের দলটি দারুণ লড়াই চালিয়ে যায়। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে স্কালোনির শিষ্যরা।
ম্যাচ শেষে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি জানান, এমন কঠিন লড়াইয়ের জন্য তার দল আগে থেকেই প্রস্তুত ছিল।
তিনি বলেন, ‘আমরা জানতাম, এই ম্যাচে আমাদের ভুগতে হবে। কষ্ট সহ্য করার মানসিকতা আমাদের ডিএনএতেই আছে। এই লড়াকু মানসিকতাই আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করছে।’
সুইজারল্যান্ডের প্রশংসা করে স্কালোনি আরও বলেন, ‘ওরা খুবই কঠিন প্রতিপক্ষ ছিল। একের বিপক্ষে এক লড়াইয়ে তারা আমাদের বেশ ভুগিয়েছে। এমনকি টানা কয়েকটি পাস খেলাও আমাদের জন্য কঠিন হয়ে উঠেছিল।’
ভোরের আকাশ/সু.পা