ক্যাম্প ছাড়ায় রোনালদোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এফপিএফ

ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ ঘটনায় শাস্তির ঝুঁকিতে পড়েছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা।
পর্তুগাল ফুটবল ফেডারেশনের (এফপিএফ) শৃঙ্খলা বিধি অনুযায়ী, যথাযথ কারণ ছাড়া জাতীয় দলের ক্যাম্প বা কার্যক্রম ছেড়ে গেলে এক থেকে ছয় মাস পর্যন্ত নিষেধাজ্ঞা হতে পারে। পাশাপাশি ৫০০ থেকে ১০০০ ইউরো পর্যন্ত জরিমানার বিধানও রয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইএসপিএন।
এফপিএফের শৃঙ্খলা বিধিতে বলা হয়েছে, নিয়মিতভাবে জাতীয় দলে ডাক পাওয়ার পর কোনো খেলোয়াড় যৌক্তিক কারণ ছাড়া জাতীয় দল, এফপিএফ বা পর্তুগালের প্রতিনিধিত্বের সঙ্গে সংশ্লিষ্ট অনুশীলন, ম্যাচ কিংবা কোনো কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিলে বা সেখানে উপস্থিত হতে ব্যর্থ হলে তাকে এক থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হতে পারে। পেশাদার খেলোয়াড়দের ক্ষেত্রে এর সঙ্গে ৫০০ থেকে ১০০০ ইউরো জরিমানার বিধানও রয়েছে।
ক্যাম্প ছাড়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন ৪১ বছর বয়সী রোনালদো। তিনি লিখেছেন, জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলন ও পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ক্যাম্প ছাড়ার কারণ অবশ্য এখনই প্রকাশ করেননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। উপযুক্ত সময়ে বিষয়টি পর্তুগালের মানুষকে জানানোর কথা উল্লেখ করে সতীর্থদের শুভকামনা জানিয়েছেন তিনি।
এর আগে বুধবার পর্তুগালের অনুশীলনেও ছিলেন না রোনালদো। সতীর্থরা যখন ডেনমার্ক ম্যাচের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি মাঠ ছেড়ে হোটেলে ফিরে যান।
রোনালদোর ক্যাম্প ছাড়ার আগে থেকেই অবশ্য তাঁকে নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ জর্জে জেসুস জানিয়েছিলেন, দলের একাদশ ও কৌশল নির্ধারণের দায়িত্ব কোচের। তিনি আরও জানান, রোনালদোও তাঁকে বলেছিলেন যে কোচের যেকোনো সিদ্ধান্ত তিনি মেনে নেবেন।
পরিকল্পনা অনুযায়ী ডেনমার্কের বিপক্ষে গঞ্জালো রামোসকে আক্রমণভাগে খেলানোর কথাও জানান জেসুস। ফলে রোনালদোকে শুরুর একাদশে না রাখার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।
জেসুস বলেন, সবার জন্য নিয়ম একই। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী রোনালদোর প্রয়োজন হলে তিনি খেলবেন, আর প্রয়োজন না হলে খেলবেন না।
সৌদি আরবের ক্লাব আল নাসরেও প্রায় এক বছর রোনালদোর সঙ্গে কাজ করা জেসুস দাবি করেন, বেঞ্চে বসানোর পর অনুশীলন করতে রোনালদো অস্বীকৃতি জানাননি।
তিনি বলেন, তাঁদের মধ্যে কোনো সমস্যা হয়নি। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কোচের এবং কোনো খেলোয়াড় তাঁর হয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না।
এদিকে জাতীয় দলের ক্যাম্প মাঝপথে ছাড়ার ঘটনায় এখন রোনালদোর ওপর এফপিএফের শৃঙ্খলাবিধি প্রয়োগ করা হবে কি না, সেটিই দেখার বিষয়। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ছয় মাসের নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানার ঝুঁকিও রয়েছে তাঁর।
ভোরের আকাশ/সু.পা