নতুন কোচের অধীনে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ নারী দল

বড় টুর্নামেন্টে বাংলাদেশ নারী দলের ব্যর্থতা যেন নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। দ্বিপাক্ষিক সিরিজেও অবশ্য ধারাবাহিক সাফল্য পাচ্ছে না দলটি। সবশেষ এশিয়া কাপ ও এশিয়ান গেমস ক্রিকেটে প্রায় প্রতিটি ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় ভুগতে হয়েছে জ্যোতি-সোবহানাদের।
হতাশাজনক এই দুই টুর্নামেন্টের পরই নারী দলের কোচিং স্টাফে পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রধান কোচ সারোয়ার ইমরানকে সরিয়ে নারী দলের দায়িত্ব দেওয়া হয়েছে ডেভিড হেম্পকে। দুই বছরের চুক্তিতে সাবেক এই কোচকে নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকায় পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ পুরুষ দলের সঙ্গে কাজ করা হেম্পের। তিনি থাইল্যান্ড পর্যন্ত এসেছিলেন। তবে ভ্রমণসংক্রান্ত জটিলতার কারণে সেখান থেকেই ফিরে যাচ্ছেন তিনি।
ফলে অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে শুরু থেকে যোগ দিতে পারছেন না হেম্প। বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, আগামী ৩ অক্টোবর সরাসরি অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
জ্যোতি-সোবহানাদের অস্ট্রেলিয়া সফরে স্বাগতিক নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে। এমন গুরুত্বপূর্ণ সফরের আগে নতুন কোচকে আগেভাগে না পাওয়ায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ব্যাটিং নিয়ে ভুগতে থাকা দলের জন্য নতুন কোচের সঙ্গে কাজের সুযোগ আরও কমে গেল।
ডেভিড হেম্পের বাংলাদেশ ক্রিকেটে কাজের অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। এর আগে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) প্রোগ্রাম, জাতীয় পুরুষ দল ও নারী দলের সঙ্গে কাজ করেছেন তিনি। ফলে বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্কে তাঁর আগের অভিজ্ঞতা রয়েছে।
অস্ট্রেলিয়া সফরেই নতুন দায়িত্বে হেম্পের সামনে প্রথম বড় চ্যালেঞ্জ আসছে। এশিয়া কাপ ও এশিয়ান গেমসে ব্যাটিং ব্যর্থতার পর দলকে নতুন করে গুছিয়ে নেওয়ার কাজ করতে হবে তাঁকে। তবে সফরের শুরুতে দলের সঙ্গে থাকতে না পারায় সেই কাজ শুরু করতে কিছুটা দেরি হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা