বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার একাদশে ফিরলেন হ্যাজলউড-লায়ন

ডারউইনে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম টেস্টের জন্য প্রত্যাশিত একাদশই ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ফলে কোন ১১ জনের বিপক্ষে মাঠে নামতে হবে, তা আগেই জেনে গেছে বাংলাদেশ। অন্যদিকে, ম্যাচের দিন সকালে একাদশ ঘোষণা করতে পারে সফরকারীরা।
বাংলাদেশের ব্যাটারদের সামনে থাকছে অস্ট্রেলিয়ার শক্তিশালী পেস আক্রমণ। প্রত্যাশিতভাবেই একাদশে জায়গা পেয়েছেন জশ হ্যাজলউড। তাঁকে জায়গা করে দিতে বাদ পড়েছেন স্কট বোল্যান্ড। হ্যাজলউডের সঙ্গে অস্ট্রেলিয়ার পেস আক্রমণে থাকছেন অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। ১৩ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়া অপর ক্রিকেটার হলেন জশ ইংলিস।
দীর্ঘ এক বছরের বেশি সময় পর ওয়েস্ট ইন্ডিজ সফরের পর অস্ট্রেলিয়া প্রথমবারের মতো তাদের প্রথম সারির তিন পেসারকে একসঙ্গে পাচ্ছে। গত বছরের অক্টোবরের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেননি হ্যাজলউড। চোটের কারণে অ্যাশেজ সিরিজের কোনো ম্যাচেও খেলতে পারেননি তিনি। অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন কামিন্স। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর সেটিই ছিল তাঁর একমাত্র আন্তর্জাতিক ম্যাচ।
অস্ট্রেলিয়ার মিডল অর্ডারেও থাকছে শক্তিশালী ব্যাটিং লাইনআপ। ক্যামেরন গ্রিন ও বেউ ওয়েবস্টারের সঙ্গে থাকছেন উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি। ওপেনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গে দেখা যাবে জেক ওয়েদারাল্ডকে। অ্যাশেজ সিরিজেও তাঁরা অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস উদ্বোধন করেছিলেন। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর এই প্রথম টেস্ট একাদশে ফিরছেন তিনি।
এদিকে টেস্ট শুরুর আগের দিনও বাংলাদেশের একাদশ ঘোষণা করেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ক্যাম্পে কয়েকটি ছোটখাটো চোটের কথা জানালেও তিনি নিশ্চিত করেছেন, উইকেটকিপার-ব্যাটার লিটন দাস খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের অস্ট্রেলিয়া একাদশ
জেক ওয়েদারাল্ড, ট্র্যাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড
ভোরের আকাশ/সু.পা