রেনগেডস দিয়ে বেসরকারি বিনিয়োগে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ

প্রথমবারের মতো বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশ লিগ (বিবিএল)। এর অংশ হিসেবে লিগের অন্যতম ফ্র্যাঞ্চাইজি মেলবোর্ন রেনগেডসকে বেসরকারি মালিকানায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
দরপত্র আহ্বানের মাধ্যমে মেলবোর্ন রেনগেডসের মালিকানা হস্তান্তর করা হবে। নিলাম প্রক্রিয়া সফল হলে ২০২৭-২৮ মৌসুম থেকেই নতুন মালিকানায় মাঠে নামবে দলটি। রেনগেডসের মালিকানা হস্তান্তরের পর সাফল্য ও বাজারমূল্যায়নের ভিত্তিতে বিবিএলের অন্যান্য ক্লাবকেও পর্যায়ক্রমে বেসরকারি খাতে নেওয়ার বিষয়টি বিবেচনা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এর আগে গত এপ্রিলে বিবিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর ৪৯ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। একই সঙ্গে যে দুটি রাজ্যে দুটি করে দল রয়েছে, সেসব রাজ্যের একটি করে দলের শতভাগ শেয়ার বিক্রির পরিকল্পনাও ছিল। তবে নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড ক্রিকেট বোর্ডের বিরোধিতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠা বিভিন্ন টি-টোয়েন্টি লিগের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা ও বিবিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক ও বাণিজ্যিক সক্ষমতা বাড়াতেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা।
বর্তমানে মেলবোর্ন রেনগেডসের মালিকানায় রয়েছে ক্রিকেট ভিক্টোরিয়া। ২০১৮-১৯ মৌসুমে বিবিএলের শিরোপা জিতেছিল দলটি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের মাধ্যমে অস্ট্রেলিয়ান ক্রিকেটে বেসরকারি বিনিয়োগের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। রেনগেডসের মালিকানা হস্তান্তরের ফলাফল বিবেচনা করে ভবিষ্যতে বিবিএলের অন্য দলগুলোর ক্ষেত্রেও একই ধরনের উদ্যোগ নেওয়া হতে পারে।
ভোরের আকাশ/সু.পা