রোমাঞ্চকর লড়াইয়ে এশিয়া কাপের মুকুট ধরে রাখল ভারত

শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা ধরে রাখা এক রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে আবারও এশিয়া কাপের শিরোপা জিতল ভারত। ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা। এ নিয়ে নবমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরল ভারতীয়রা। টি-টোয়েন্টি সংস্করণে এটি তাদের দ্বিতীয় শিরোপা; প্রথমটি এসেছিল ২০১৬ সালে।
১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারত। পাওয়ার প্লেতে হারায় ৩ উইকেট, সংগ্রহ করতে পারে মাত্র ৩৬ রান—যা এ আসরে তাদের সর্বনিম্ন। সেখান থেকে সঞ্জু স্যামসনের (২৪) সঙ্গে জুটি গড়ে দলকে ফেরান তিলক ভার্মা। ৫৭ রানের পার্টনারশিপে ম্যাচে ফেরে ভারত। পরে শিবম দুবের (৩৩) সঙ্গে ব্যাট করে শেষ ওভারের আগে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন তিলক। দুবে আউট হলেও শেষ কাজটা নিজের কাঁধেই নেন তিনি। ৫৩ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংসে ৩টি চার ও ৪টি ছক্কা হাঁকান বাঁহাতি এই ব্যাটার।
শেষ ওভারে ১০ রানের সমীকরণে নেমে দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে ভারতের জয় নিশ্চিত করেন ম্যাচসেরা তিলক। এরপর রিংকু সিং চার মেরে উদযাপনের মুহূর্ত তৈরি করেন।
পাকিস্তানি বোলারদের মধ্যে উজ্জ্বল ছিলেন ফাহিম আশরাফ। ২০ রানে ৩ উইকেট নিয়ে ইনিংসের শুরুতেই ভারতকে বিপর্যস্ত করেন তিনি। তবে শেষ পর্যন্ত দলের জয়ে হাসিমুখে মাঠ ছাড়তে পারেননি।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। ওপেনার শাহিবজাদা ফারহান (৫৭) ও ফখর জামান (৪৬) মিলে প্রথম উইকেটে যোগ করেন ৮৪ রান। তবে শক্ত ভিত গড়েও শেষের বিপর্যয়ে তারা গুটিয়ে যায় মাত্র ১৪৬ রানে। শেষ ৯ উইকেট পড়ে মাত্র ৩৩ রানের ব্যবধানে।
ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। জাসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী পান দুটি করে উইকেট।
রুদ্ধশ্বাস এই জয় ভারতীয় ক্রিকেটে যোগ করল আরেকটি গৌরবগাথা, আর তিলক ভার্মা হয়ে উঠলেন নায়কসুলভ নায়ক।
ভোরের আকাশ//হ,র