বিশ্বকাপে ৭ অ্যাসিস্টেও গোলবঞ্চিত ওলিসে, ভাঙলের পেলের ৫৬ বছরের রেকর্ড

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার মাইকেল ওলিসে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে একটি গোলে সহায়তা করে চলতি বিশ্বকাপে এককভাবে সর্বোচ্চ ৭টি অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন তিনি।
ম্যাচের ৬৭তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে দারুণ ‘ওয়ান-টু’ কম্বিনেশনের মাধ্যমে এই কীর্তি গড়েন ওলিসে। এটি ছিল চলতি বিশ্বকাপে তার সপ্তম অ্যাসিস্ট, যার মাধ্যমে ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের গড়া ৬ অ্যাসিস্টের রেকর্ড ভেঙে দেন তিনি।
বিশ্বকাপে ওলিসের দুর্দান্ত পারফরম্যান্স তাকে গোল্ডেন বলের অন্যতম দাবিদার করে তুলেছে। ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই মিডফিল্ডার। পুরো টুর্নামেন্টজুড়ে তার নিখুঁত পাস প্রতিপক্ষের রক্ষণভাগকে বারবার বিপাকে ফেলেছে।
তবে অ্যাসিস্টের ক্ষেত্রে অসাধারণ সফল হলেও গোল করার জায়গায় কিছুটা ব্যর্থ ছিলেন ওলিসে। চলতি বিশ্বকাপে ২০টি শট নিয়েও একবারও জালের দেখা পাননি তিনি। সেমিফাইনালে স্পেনের বিপক্ষে ২-০ গোলে হেরে বিদায় নেওয়া ম্যাচেও ফ্রান্স তার গোলখরা অনুভব করেছে।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও তিনটি সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি ওলিসে। শেষ পর্যন্ত ৪ গোল করেও ইংল্যান্ডের কাছে ৬-৪ ব্যবধানে হেরে যায় ফ্রান্স।
তবে গোল করতে না পারার ব্যর্থতা দিয়ে ওলিসেকে মূল্যায়ন করা হবে না। ২০২৬ বিশ্বকাপে তিনি মনে থাকবেন একজন অসাধারণ সৃষ্টিশীল খেলোয়াড় হিসেবে। তার নিখুঁত অ্যাসিস্ট ও দুর্দান্ত পাসিংয়ের মাধ্যমে তিনি এমন এক রেকর্ড গড়েছেন, যা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
ভোরের আকাশ/সু.পা