বার্সাকে বিদায় না বলায় মেসির সমালোচনায় গাসপার্ত

আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পরও বার্সেলোনার সমর্থকদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি লিওনেল মেসি। দীর্ঘ পাঁচ বছর পেরিয়ে গেলেও ন্যু ক্যাম্পে তাঁর বিদায়ী সংবর্ধনা আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এ নিয়ে এবার মেসির কড়া সমালোচনা করেছেন বার্সেলোনার সাবেক সভাপতি হোয়ান গাসপার্ত।
২০২১ সালে আর্থিক সংকটের কারণে বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করতে না পেরে অশ্রুসিক্ত বিদায়ে ক্লাব ছাড়েন মেসি। এরপর ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেন তিনি। তবে ন্যু ক্যাম্পে সমর্থকদের সামনে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার সুযোগ হয়নি তাঁর। বার্সেলোনা কর্তৃপক্ষও ক্লাবের এই কিংবদন্তিকে বিদায়ী সংবর্ধনা দিতে চেয়েছে। কিন্তু সেই আয়োজন এখনো বাস্তবায়িত হয়নি।
বার্সেলোনা ছাড়ার জন্য বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তাকে দায়ী করে আসছেন মেসি। তাঁদের সম্পর্কের টানাপোড়েনের কারণে বিদায়ী আয়োজন বারবার পিছিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
মেসির এমন অবস্থান মেনে নিতে পারছেন না সাবেক বার্সা সভাপতি গাসপার্ত। ‘সোলো পারা কালেস’ পডকাস্টে তিনি বলেন, মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হলেও বার্সেলোনার অবদান ভুলে যাওয়া উচিত নয়। ক্লাবের নেতৃত্বে যে-ই থাকুন না কেন, সমর্থকদের প্রতি সম্মান দেখিয়ে মেসির আনুষ্ঠানিক বিদায় জানানো প্রয়োজন।
গাসপার্ত বলেন, ‘লিও একজন দুর্দান্ত ফুটবলার, বিশ্বের সেরা। তার ভুলে যাওয়া চলবে না যে বার্সা তার চেয়ে বড় নয়। তাকে সতর্ক থাকতে হবে।’
মেসির প্রতি নিজের স্নেহের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি এই কথাটা এমন একজন খেলোয়াড়ের প্রতি স্নেহবশত বলছি, যাকে আমি ১৩ বছর বয়সে দলে নিয়েছিলাম, যখন আমি বার্সার প্রেসিডেন্ট ছিলাম। তার সতর্ক থাকা উচিত। ব্যক্তি হিসেবে সে যতটা বড়, বার্সা তার চেয়েও অনেক বড়।’
গাসপার্তের মতে, মেসির ক্যারিয়ার গঠনে বার্সেলোনার বড় ভূমিকা রয়েছে। তাই ক্লাবের সমর্থকদের আনুষ্ঠানিক বিদায় জানানোর ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ককে প্রাধান্য দেওয়া উচিত নয়।
তিনি বলেন, ‘তাই আমি তাকে আরেকটু সময় দিচ্ছি। কিন্তু এমন একদিন আসবে, যখন মিস্টার মেসি বার্সেলোনায় আসতে এবং ভক্তদের বিদায় জানাতে সামান্যতম বাধা সৃষ্টি করলেও তা আমাকে অস্বস্তিতে ফেলবে।’
লাপোর্তা সভাপতি পদে থাকা পর্যন্ত মেসি যদি বিদায়ী সংবর্ধনায় অংশ নিতে না চান, তাহলে গাসপার্ত নিজেও সেই অনুষ্ঠানে যোগ দেবেন না বলে জানিয়েছেন। তাঁর ভাষ্য, সভাপতির পরিচয় যা-ই হোক, বার্সেলোনার প্রতি সম্মান জানিয়ে মেসির বিদায় নেওয়া উচিত।
গাসপার্ত বলেন, ‘প্রেসিডেন্ট যেই থাকুক, তাকে অবশ্যই আসতে হবে এবং বার্সাকে বিদায় বলতে হবে। লাপোর্তা চলে যাওয়ার পর যদি লিও মেসি বিদায় বলতে আসে এবং লাপোর্তা প্রেসিডেন্ট বলে এখানে আসতে না চায়, আমি তাকে সম্মান করব না।’
এদিকে মেসির ভবিষ্যৎ এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিকে ঘিরে। ক্লাবটির সঙ্গে ২০২৮ সালের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। বার্সেলোনার দীর্ঘদিনের এই আইকনের বিদায়ী সংবর্ধনা আয়োজনের বিষয়ে এখনো তাঁর কাছ থেকে চূড়ান্ত সম্মতির অপেক্ষায় রয়েছে ক্লাবটি।
ভোরের আকাশ/সু.পা