২০২৬ বিশ্বকাপে জাতীয় সঙ্গীত রীতিতে পরিবর্তন, উদ্বোধনীতেও আছেন শাকিরা

আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপে জাতীয় সঙ্গীত চলাকালে মাঠে খেলোয়াড়দের দাঁড়ানোর নিয়মে বড় পরিবর্তন আসছে। এতদিন কেবল শুরুর একাদশে থাকা খেলোয়াড়রাই জাতীয় সঙ্গীতের সময় মাঠে থাকতেন। তবে এবার থেকে স্কোয়াডের সব সদস্যকেই মাঠে উপস্থিত থাকতে হবে।
মেগা টুর্নামেন্টটিতে স্কোয়াডের আকার ২২ থেকে বাড়িয়ে ২৬ করা হয়েছে। জাতীয় সঙ্গীতের সময় কোচিং স্টাফ ছাড়া পুরো স্কোয়াড মাঠে দাঁড়াবে এবং দুই দলের খেলোয়াড়রা মুখোমুখি হয়ে বৃত্তাকারে অবস্থান নেবে।
১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে ২০২৬ বিশ্বকাপের ২৩তম আসর। মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচেই প্রথমবারের মতো স্কোয়াডের প্রত্যেক সদস্যকে জাতীয় সঙ্গীতের সময় মাঠে দেখা যাবে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, বিশ্বকাপ সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ম্যাচ উপভোগের অভিজ্ঞতাতেও নতুনত্ব আনা হচ্ছে। তার ভাষায়, জাতীয় সঙ্গীতের সময় সব খেলোয়াড় ও রেফারিকে মাঝমাঠে মুখোমুখি দাঁড় করানোর মাধ্যমে ঐক্য, গর্ব ও আবেগকে আরও স্পষ্টভাবে তুলে ধরা হবে।
এবারের বিশ্বকাপ শুধু নিয়মে নয়, আয়োজনেও একাধিক নতুনত্ব আনছে ফিফা। এর আগে বিশ্বকাপ ফাইনালের বিরতিতে সুপার বোল–স্টাইলে হাফটাইম শো আয়োজনের ঘোষণা দেওয়া হয়, যেখানে আন্তর্জাতিক তারকারা অংশ নেবেন বলে জানা গেছে।
বিশ্বকাপে এবার প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতিহাসে প্রথমবারের মতো এই আসর তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়—আয়োজিত হবে।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানও তিন দেশে আলাদাভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে। শাকিরা ও বার্না বয় ফাইনালের হাফটাইম শোতে অংশ নিতে পারেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচগুলোর আগে মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, ক্যাটি পেরি ও ফিউচার ইন লস অ্যাঞ্জেলস ব্যান্ডের পরিবেশনার কথাও শোনা যাচ্ছে।
মাঠের খেলাতেও আসছে পরিবর্তন। কর্নার কিক ও দ্বিতীয় হলুদ কার্ড পর্যালোচনায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি)ব্যবহার, থ্রো-ইন ও গোল কিকের জন্য সময়সীমা নির্ধারণ এবং প্রতিটি অর্ধে তিন মিনিটের ড্রিংকস ব্রেক রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
ভোরের আকাশ/সু.পা