সাবাহকে ৪-১ গোলে হারাল বার্সেলোনা

লড়াইটা শুরুতে কিছুটা কঠিন হলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত গতিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। মাত্র ৯ মিনিটের ব্যবধানে তিন গোল করে আজারবাইজানের ক্লাব সাবাহ এফকের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। অ্যান্থনি গর্ডনের জোড়া গোলের সঙ্গে করিম আদেয়েমি ও গ্যাব্রিয়েল জেসুসের একটি করে গোলে ৪-১ ব্যবধানে জিতেছে কাতালানরা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি খেলতে দীর্ঘ সফরের ধকল ও হালকা চোটের কারণে লামিনে ইয়ামালকে দলে রাখেননি বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। বাকু অলিম্পিক স্টেডিয়ামে শুরুর একাদশে ছিলেন না রাফিনিয়াও। তবে দুই তারকাকে ছাড়াই শেষ পর্যন্ত বড় জয় পেতে সমস্যা হয়নি বার্সার।
ম্যাচে ৭১ শতাংশ বলের দখল রেখে গোলের লক্ষ্যে ১৪টি শট নেয় বার্সেলোনা। বিপরীতে সাবাহর লক্ষ্যে ছিল মাত্র তিনটি শট। চার গোলে পিছিয়ে পড়ার পর ৬৩ মিনিটে একটি গোল শোধ করে স্বাগতিকরা।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সাবাহ। সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকে আলিয়েভ জোরালো শট নিলেও তা আটকে দেন বার্সার গোলরক্ষক হুয়ান গার্সিয়া। এরপর বার্সেলোনাও আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করে। ১৬ মিনিটে বক্সের বাইরে থেকে গর্ডনের নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে আবারও সুযোগ পায় সাবাহ। তবে ফাঁকায় বল পেয়েও তা কাজে লাগাতে পারেনি স্বাগতিক দলের খেলোয়াড়। এরপর পেদ্রির জোরালো ভলিও ঠেকিয়ে দেন সাবাহর গোলরক্ষক।
৩১ মিনিটে ম্যাচের প্রথম গোল পায় বার্সেলোনা। দুই প্রতিপক্ষের বাধা পেরিয়ে করিম আদেয়েমির নেওয়া শট গোলরক্ষকের হাতে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়ে ডান পায়ের শটে জালে পাঠান অ্যান্থনি গর্ডন। কিছুক্ষণ পর আবারও গোল করেছিলেন গর্ডন। তবে আক্রমণের শুরুতে গ্যাব্রিয়েল জেসুস অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা। ৫১ মিনিটে আবারও গোল করেন গর্ডন। আগের গোলের মতো এবারও তাঁর শট গোলরক্ষকের হাত থেকে ফিরে এলে ফিরতি বল জালে পাঠান তিনি। এতে নিজের ও দলের দ্বিতীয় গোল পূর্ণ করেন ইংলিশ ফরোয়ার্ড।
এরপর ৫৫ মিনিটে আলেহান্দ্রো বাল্দের পাস থেকে ফাঁকায় বল পেয়ে আলতো শটে গোল করেন আদেয়েমি। পাঁচ মিনিট পর ব্যবধান ৪-০ করেন গ্যাব্রিয়েল জেসুস। জুলস কুন্দের হেড কোনোমতে ঠেকান সাবাহর গোলরক্ষক। তবে ফিরতি বল পেয়ে দ্বিতীয় প্রচেষ্টায় তা গোললাইন পার করেন জেসুস।
চার গোলে পিছিয়ে পড়ে ৬৩ মিনিটে ব্যবধান কমায় সাবাহ। দলের হয়ে একমাত্র গোলটি করেন জয়-ল্যান্ড মিকেল। এরপর ৭৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন রাফিনিয়া। তবে ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বার্সেলোনার হাতে।
এই জয়ে চলতি চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচে চার জয় নিয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ১২। পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে ফ্লিকের দল। অন্যদিকে আসরে চতুর্থ হারের পর তিন পয়েন্ট নিয়ে ৩২ নম্বরে রয়েছে আজারবাইজানের ক্লাব সাবাহ।
ভোরের আকাশ/সু.পা