দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় ইমার্জিং সিরিজে বাংলাদেশের ৭ উইকেটের হার

ত্রিদেশীয় ইমার্জিং সিরিজে নিজেদের প্রথম ম্যাচেই হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রিটোরিয়ায় অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে জাকির হাসানের নেতৃত্বাধীন দল।
ম্যাচে দক্ষিণ আফ্রিকার পেসার দায়ান গালিমের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। পুরো দল মাত্র ৮৯ রানেই অলআউট হয়ে যায়।
বাংলাদেশের এই দলে জাতীয় দলের পাইপলাইনে থাকা একাধিক সম্ভাবনাময় ক্রিকেটারের পাশাপাশি জাতীয় দলে খেলা জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু ও মাহিদুল ইসলাম অঙ্কনের মতো ক্রিকেটারও রয়েছেন। তাই অভিজ্ঞ ও প্রতিভাবান ব্যাটারদের এমন ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ম্যাচে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রিটোরিয়ার তীব্র শীত ও সকালের আর্দ্র আবহাওয়ায় টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ভেজা উইকেটে কখনো বল নিচু হয়ে আসে, আবার কখনো অতিরিক্ত বাউন্স তৈরি হয়, যা ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
এ ধরনের উইকেটে ১৫০ থেকে ১৮০ রানের সংগ্রহ লড়াই করার মতো পুঁজি হতে পারত। কিন্তু বাংলাদেশ সেই লক্ষ্য থেকে অনেক দূরে থেকে মাত্র ৮৯ রানেই ইনিংস শেষ করে।
জয়ের জন্য ৯০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। বাংলাদেশের হয়ে ইকবাল হোসেন ইমন ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান মিলিয়ে তিনটি উইকেট নিলেও তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
ভোরের আকাশ/সু.পা