ওয়ানডে র্যাঙ্কিংয়ে তলানিতে বাংলাদেশ

আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে দশ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। মাত্র এক রেটিং পয়েন্টের ব্যবধানে নবম স্থানে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে বাংলাদেশের রেটিং ৭৭, আর ওয়েস্ট ইন্ডিজের ৭৮। চলতি বছরের ৫ মে প্রায় দুই দশক পর প্রথমবার দশ নম্বরে নেমেছিল বাংলাদেশ।
এরপর শ্রীলঙ্কার বিপক্ষে একটি জয় পেয়ে জুলাইয়ে কিছুদিনের জন্য আবার নয় নম্বরে উঠলেও তা স্থায়ী হয়নি। পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক জয়ে আবারও পিছিয়ে পড়তে হলো লাল-সবুজদের।
বাংলাদেশ প্রথমবার দশ নম্বরে উঠে আসে ২০০৫ সালের আগস্টে, কেনিয়াকে ছাড়িয়ে। ২০০৬ সালের অক্টোবরে জিম্বাবুয়েকে টপকে তারা পৌঁছে যায় নয় নম্বরে। ২০১৭ সালের মে মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ছয় নম্বরে ওঠা এখনো পর্যন্ত দলের সর্বোচ্চ অবস্থান।
২০২২ সালে সাউথ আফ্রিকাকে হারিয়ে আবারও একবার ছয়ে উঠেছিল বাংলাদেশ। কিন্তু ধারাবাহিক পারফরম্যান্সের অভাব ও বড় দলের বিপক্ষে হার বেড়ে যাওয়ায় র্যাঙ্কিং ধীরে ধীরে নেমে এসেছে আগের সেই তলানিতে।
ভোরের আকাশ/তা.কা