নেইমারকে নিয়ে ব্রাজিল দলে স্বস্তির খবর

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পানামা ও মিসরের বিপক্ষে মাংসপেশীর চোটের কারণে খেলতে পারেননি ব্রাজিল তারকা নেইমার। বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছিল, তাকে নিয়ে অনিশ্চয়তা বাড়ছিল। অবশেষে পাওয়া গেল স্বস্তির খবর। পেশীর চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় বেশ ভালো অগ্রগতি হয়েছে তার, এমনটাই জানিয়েছে ব্রাজিল।
গত মাসের স্ক্যানে ধরা পড়েছে, গ্রেড টু মাত্রায় নেইমারের পেশী ছিড়ে গেছে। দুই থেকে তিন সপ্তাহের জন্য সাইডলাইনে যেতে হয়েছে ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতাকে।
সোমবার (০৮ জুন) পুনরায় স্ক্যান করানো পর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ‘পরীক্ষায় তার চিকিৎসায় প্রত্যাশিত অগ্রগতি দেখা গেছে। তিনি ব্রাজিল জাতীয় দলের মেডিকেল স্টাফদের পরিকল্পনা অনুযায়ী আরোগ্য ও শারীরিক প্রস্তুতির প্রক্রিয়া চালিয়ে যাবেন।’
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। এই সময়ের মধ্যে ফিট হওয়ার লড়াই করছেন নেইমার।
ভোরের আকাশ/সু.পা