পরপর দুই বলে ফাইফার টেস্ট ইতিহাসে প্রথমবার, বিধ্বস্ত পাকিস্তান

হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইতিহাস গড়েছে ইংল্যান্ড। জশ টাং ও ওলি রবিনসন পরপর দুই বলে ব্যক্তিগত পাঁচ উইকেট পূর্ণ করেছেন, যা ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবারের ঘটনা।
ইংলিশ বোলারদের তোপে মাত্র ১৭১ রানে অলআউট হয়েছে পাকিস্তান। স্বাগতিকদের হয়ে টাং ও রবিনসন নিয়েছেন ৫টি করে উইকেট। পাকিস্তানের ইনিংসের শেষ দুই ব্যাটার খুররাম শেহজাদ ও মোহাম্মদ আব্বাস পরপর দুই বলে আউট হওয়ার সুবাদে এই বিরল কীর্তি গড়েন দুই পেসার।
পাকিস্তানের ইনিংস শেষ হয় ৪৮.১ ওভারে। ৪৮তম ওভারের প্রথম বলে খুররাম শেহজাদকে আউট করেন রবিনসন। পরের ওভারের প্রথম বলে মোহাম্মদ আব্বাসকে ফিরিয়ে নিজের ফাইফার পূর্ণ করেন টাং। একই ইনিংসে দুই বোলারের পাঁচ উইকেট নেওয়ার ঘটনা ক্রিকেটে একাধিকবার দেখা গেলেও, পরপর দুই বলে দুই বোলারের ফাইফার পূর্ণ করার ঘটনা এবারই প্রথম।
এর আগে ম্যাচের প্রথম বলেই আরেকটি রেকর্ড গড়েন রবিনসন। আজান আওয়াইসের প্যাডে বল লাগার পর আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন আম্পায়ার ক্রিস গাফনি। রিভিউ নিলেও সিদ্ধান্ত বদলায়নি। বলটি মিডল স্টাম্পের ওপরের অংশে আঘাত করত বলে নিশ্চিত হয় প্রযুক্তি। ফলে টেস্ট সিরিজের প্রথম বলেই ইংল্যান্ডে উইকেট নেওয়া প্রথম বোলার হিসেবে ইতিহাসে নাম লেখান রবিনসন।
শুরুতেই ধাক্কা খাওয়া পাকিস্তান ৬ রানেই হারায় দ্বিতীয় উইকেট। এরপর তৃতীয় উইকেটে ইমাম-উল-হক ও আব্দুল্লাহ শফিকের ৯১ রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ইমাম ৪২ এবং শফিক ৬১ রান করে আউট হওয়ার পর আর কোনো ব্যাটার বড় অবদান রাখতে পারেননি। ফলে ২০০০ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে নিজেদের পঞ্চম সর্বনিম্ন রানে অলআউট হলো পাকিস্তান। সালমান আলী আগার দল থামে ১৭১ রানে।
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে একই ইনিংসে দুই পেসারের পাঁচ উইকেট নেওয়ার ঘটনা এবারই প্রথম। সব মিলিয়ে ইংলিশ বোলারদের একই ইনিংসে দুই ফাইফারের এটি ১১তম ঘটনা। পাকিস্তানের বিপক্ষেই এমন কীর্তি দেখা গেল চতুর্থবার। সর্বশেষ ২০০৬ সালে স্টিভ হারমিসন ও মন্টি পানেসর পাকিস্তানের বিপক্ষে একই ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন।
জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১১২ রান। বেন ডাকেট ১৫ এবং এমিলিও গে ৩৫ রান করে আউট হয়েছেন যথাক্রমে মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলীর বলে। অধিনায়ক হিসেবে আবারও দায়িত্ব নেওয়া জো রুট ৩৭ এবং জর্ডান কক্স ২৩ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে পাকিস্তানের চেয়ে ৫৯ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে ইংল্যান্ড।
ভোরের আকাশ/সু.পা