দুই দিনে টেস্ট হার, অস্ট্রেলিয়ায় ইতিহাসের লজ্জায় বাংলাদেশ

ইতিহাসগড়া জয় দিয়ে এবারের অস্ট্রেলিয়া সফর শুরু করেছিল বাংলাদেশ। ডারউইন টেস্টে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতে ক্রিকেটবিশ্বের প্রশংসা কুড়িয়েছিল তারা। ৯ উইকেটের সেই জয়ে শান্ত-হাসানদের দাপট ছিল স্পষ্ট। কিন্তু ম্যাকাইতে ফিরে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেল। ব্যাটারদের চরম ব্যর্থতায় এবার ইতিহাসের প্রথম দুই দিনের টেস্ট হারের লজ্জায় পড়েছে বাংলাদেশ।
আরও অবাক করার মতো বিষয় হলো, পুরো দুই দিনও স্থায়ী হয়নি বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ও শেষ টেস্ট। দ্বিতীয় দিনের অন্তত আড়াই ঘণ্টার খেলা বাকি থাকতেই ৯৫ রানে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায়। এর আগে প্রথম ইনিংসেও ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছিল সফরকারীরা।
এর ফলে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচের দুই ইনিংসেই ১০০ রানের আগেই অলআউট হলো বাংলাদেশ। প্রথম ইনিংসে ৬৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ৯৫—ম্যাকাই টেস্টে ব্যাটিংয়ের এই ব্যর্থতা বাংলাদেশের জন্য একাধিক বিব্রতকর রেকর্ড বয়ে এনেছে।
২০০০ সালের ২৬ জুন আনুষ্ঠানিকভাবে টেস্ট মর্যাদা পাওয়া বাংলাদেশ এখন পর্যন্ত ১৬১টি টেস্ট খেলেছে। কিন্তু ম্যাকাই টেস্টের আগে কখনোই দুই দিনে কোনো টেস্ট হারেনি তারা। টেস্ট ইতিহাসে এর আগে দুই দিনে ম্যাচ শেষ হয়েছে ২৮টি। সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে গত অ্যাশেজ সিরিজে দুটি টেস্ট দুই দিনেই শেষ হয়েছিল।
অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া সর্বশেষ সাতটি টেস্টের মধ্যে তৃতীয়বারের মতো দুই দিনেই ম্যাচ শেষ হওয়ার ঘটনা ঘটল। ১৯৩১ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার দুই দিনে ম্যাচ শেষ হয়েছিল। এরপর এমন ঘটনা দেখতে অপেক্ষা করতে হয়েছে ৯১ বছর।
২০২২ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার টেস্টও দুই দিনে শেষ হয়েছিল। এর তিন বছর পর ২০২৫ সালে পার্থে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ টেস্টও একই পরিণতি দেখেছিল।
এক বছরের ব্যবধানে অস্ট্রেলিয়ার মাটিতে আবারও দুই দিনে শেষ হলো একটি টেস্ট। ম্যাকাইতে দুই ইনিংসেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ ইনিংস ও ৫১ রানে হেরেছে।
অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টেস্টগুলোর মধ্যে দৈর্ঘ্যের দিক থেকে ম্যাকাই টেস্ট ছিল দ্বিতীয় সংক্ষিপ্ততম। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে এটি চতুর্থ সংক্ষিপ্ততম ম্যাচ। দুই দল মিলে ম্যাচটিতে খেলেছে মাত্র ৭৫০ বল। অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কম বলে শেষ হওয়া টেস্টটি হয়েছিল ১৯৩২ সালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে। ওই ম্যাচে দুই দল মিলে খেলেছিল ৬৫৬ বল।
ভোরের আকাশ/সু.পা