বিশ্বকাপ দলে জায়গা পেয়েই জ্বলে উঠলেন নেইমার

দুইদিন আগেই ফিফা বিশ্বকাপের ব্রাজিলের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন নেইমার। সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গেল মাঠের পারফর্ম্যান্সেও। ব্রাগান্তিনোর বিপক্ষে ম্যাচে গোল করে দলকে জয়ের পথে ফেরালেন তিনি।
ব্রাগান্তিনোর বিপক্ষে মাঠে নামার আগে টানা তিন ম্যাচে জয়হীন ছিল সান্তোস। দুটি ম্যাচ ড্র এবং একটিতে হার দেখেছিল দলটি। তবে এবার নেইমারের নেতৃত্বে জয়খরা কাটিয়েছে তারা। নিজেদের মাঠে ব্রাগান্তিনোকে ২-০ গোলে হারিয়েছে সান্তোস।
ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল সান্তোস। পুরো ম্যাচের ৫৭ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে তারা। প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে মোট ১০টি শট নেয় সান্তোস, যার মধ্যে তিনটি ছিল লক্ষ্যে।
অন্যদিকে ব্রাগান্তিনো বলের দখলে ছিল ৪৩ শতাংশ সময়। তারা সান্তোসের গোলবারে মোট আটটি শট নেয়। প্রথমার্ধের যোগ করা সময়ে গ্যাব্রিয়েল বোন্টেম্পোর পাস থেকে নিখুঁত শটে গোল করে সান্তোসকে এগিয়ে দেন নেইমার। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে আরও একটি গোল যোগ করে সান্তোস। ম্যাচের ৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাডোনিস ফ্রাইয়াস। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সান্তোস।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে উঠে এসেছে সান্তোস। ১৫ ম্যাচ শেষে তাদের সংগ্রহ এখন ১৮ পয়েন্ট। একই সংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ব্রাগান্তিনো। আর ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে পালমেইরাস।
ভোরের আকাশ/সু.পা