বিদায়ের আগে সতীর্থদের প্রস্তুত করে যেতে চান মেসি

লিওনেল মেসি এখনো নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করেননি। তবে আর্জেন্টিনার জার্সিতে তিনি যে শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন, সেটি প্রায় নিশ্চিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ৩৯ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
সর্বশেষ বিশ্বকাপে মেসি ছিলেন আর্জেন্টিনার অন্যতম বড় ভরসা। আট গোল ও চারটি অ্যাসিস্ট করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন তিনি। তবে স্পেনের বিপক্ষে ফাইনালে হতাশাজনক হারের পর নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে কোনো নির্দিষ্ট পরিকল্পনার কথা জানাননি মেসি।
তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মেসির জন্য জাতীয় দলের দরজা খোলা রাখার কথা জানিয়েছেন। এদিকে আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় দল থেকে বিদায়ের বিষয়ে নাকি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মেসি। তবে এখনই বিদায় নিচ্ছেন না তিনি।
প্রতিবেদন অনুযায়ী, আরও কয়েক মাস আর্জেন্টিনার জার্সিতে খেলতে চান মেসি। তার লক্ষ্য হলো, দলকে ধীরে ধীরে তাকে ছাড়া খেলার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া। আর্জেন্টিনার অধিনায়ক চান না, তার বিদায়ের পর দলে হঠাৎ বড় শূন্যতা তৈরি হোক। তাই সতীর্থদের সঙ্গে সময় কাটিয়ে এবং নতুনদের মানিয়ে নেওয়ার সুযোগ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চান তিনি।
এদিকে আগামী বিশ্বকাপে মেসিকে মাঠে দেখা যাবে না বলেই ধারণা করা হচ্ছে। খুব শিগগিরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন আর্জেন্টিনার এই কিংবদন্তি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসিকে বিশেষ আয়োজনের মাধ্যমে বিদায় জানাতে চায় বলেও জানিয়েছে দেশটির কয়েকটি গণমাধ্যম। দেশের সর্বকালের সেরা ফুটবলারকে সম্মান জানাতে একটি বিশেষ ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি। সব মিলিয়ে, মেসি আরও কিছুদিন আর্জেন্টিনার সক্রিয় ফুটবলার হিসেবে থাকলেও তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ সময় ঘনিয়ে এসেছে।
ভোরের আকাশ/সু.পা