ম্যাকাই টেস্টে পাঁচ পেসার ও দুই স্পিনার নিয়ে প্রস্তুত বাংলাদেশ

ডারউইন টেস্ট জয়ের পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (২২ আগস্ট) ম্যাকাইয়ে শুরু হবে দুই দলের লাল বলের লড়াই। ম্যাচের আগে আলোচনায় এসেছে ম্যাকাইয়ের উইকেট। কন্ডিশন বিবেচনায় দলের পাঁচ পেসার ও দুই স্পিনারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শুক্রবার (২১ আগস্ট) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘উইকেট দেখে ভালো মনে হয়েছে। আমরা এখানে যে উইকেটে অনুশীলন করেছি, সেখানে বাউন্স একটু বেশি ছিল। পাঁচ পেসার স্কোয়াডে আছে, সবাই প্রস্তুত আছে ম্যাচ খেলার জন্য। ইতিবাচক দিক হচ্ছে, দুইজন স্পিনার আছে, যারা যেকোনো কন্ডিশনে ভালো বল করে।’
ডারউইন টেস্টে পাওয়া জয় ম্যাকাই টেস্টেও আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘এরকম জয় অবশ্যই আত্মবিশ্বাস দেবে। পেশাদার ক্রিকেটার হিসেবে সেখান থেকে ফিরে আসা খুব জরুরি। দুই দিনের অনুশীলনে সেখান থেকে ভালোভাবেই খেলোয়াড়রা ফিরে এসেছে। ভালোভাবেই মানিয়ে নিয়েছে।’
তবে ডারউইনের জয় নিয়ে পড়ে থাকলে চলবে না বলেও মনে করেন শান্ত। ম্যাকাইয়ের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সতীর্থরা নতুন করে শুরু করবে বলে প্রত্যাশা তার। শান্ত বলেন, ‘ওটা (ডারউইনের জয়) এখন অতীত হয়ে গেছে। এই কন্ডিশনে কীভাবে মানিয়ে নিতে পারি, এগুলো নিয়ে আলাপ হয়েছে। আশা করি, খেলোয়াড়রা সেখান থেকে বের হয়ে এখানে আবার নতুন করে শুরু করবে।’
ডারউইন ও ম্যাকাইয়ের আবহাওয়া এবং উইকেটের পার্থক্য নিয়েও কথা বলেন বাংলাদেশ অধিনায়ক। তার ভাষায়, ‘প্রস্তুতি ভালো হয়েছে। আবহাওয়া একটু ভিন্ন। সেখান (ডারউইন) থেকে ভিন্ন, এখানে একটু বেশি ঠান্ডা, বাতাসও একটু বেশি। আমার মনে হয়, দুই দিনে অনুশীলন করে খেলোয়াড়রা ভালো ধারণা পেয়েছে। ফলে প্রস্তুতি ভালো হয়েছে। বাতাস কাজে লাগাতে পারলে বোলারদের জন্য ভালো সুযোগ থাকবে।’
ভোরের আকাশ/সু.পা