এলদেন্সের মালিকানা নিতে মেসির প্রাথমিক চুক্তি

আগে একটি ক্লাবের মালিকানা নিয়েছেন, এবার স্পেনে আরও একটি ফুটবল ক্লাবের মালিক হতে যাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সের মালিকানা নিতে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন ইন্টার মায়ামির এই তারকা। ইএসপিএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে এলদেন্সের মালিক কলম্বিয়ান বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ। কলম্বিয়া ও সুইজারল্যান্ডে একাধিক ফুটবল ক্লাবের মালিকানা রয়েছে প্রতিষ্ঠানটির।
তবে এলদেন্সের মালিকানা মেসির হাতে যাওয়ার প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। চুক্তি সম্পন্ন করার আগে প্রয়োজনীয় যাচাই-বাছাই বা ডিউ ডিলিজেন্স শেষ করতে হবে। পাশাপাশি স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের (সিএসডি) অনুমোদনও প্রয়োজন হবে।
চুক্তি চূড়ান্ত হলে স্পেনে এটি হবে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে চলতি বছরই তিনি বার্সেলোনার ক্লাব কর্নেয়ার মালিকানা নিয়েছেন। স্পেনের পঞ্চম বিভাগের এই ক্লাবটি বর্তমানে আধা-পেশাদার পর্যায়ে রয়েছে।
এলদেন্সের মালিকানা মেসিকে স্পেনের একটি পেশাদার ফুটবল ক্লাবের মালিকও বানাবে। বার্সেলোনা ও আর্জেন্টিনার সাবেক এই তারকা এরই মধ্যে সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমের সঙ্গেও আংশিকভাবে যুক্ত।
ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি ক্লাব মালিকানায় মেসির এই সম্প্রসারণ তার ব্যবসায়িক কর্মকাণ্ডের নতুন দিকও সামনে আনছে।
ভোরের আকাশ/সু.পা