ফিফা প্রধানকে জাতিসংঘের শীর্ষ পদে দেখতে চান ট্রাম্প!

২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ ও ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজনকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। এবার সেই সম্পর্ক নতুন আলোচনার জন্ম দিয়েছে। রিপাবলিকান ঘনিষ্ঠ সূত্রের বরাতে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ট্রাম্প চান জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী হন ইনফান্তিনো।
বর্তমানে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তোনিও গুতেরেস। আগামী ডিসেম্বরে শেষ হবে তার বর্তমান মেয়াদ। ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের দাবি, জাতিসংঘের নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, কূটনৈতিক যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে ইনফান্তিনোর।
প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ফিফা প্রধান বিশ্বজুড়ে সমাদৃত এবং বিভিন্ন পক্ষকে অভিন্ন লক্ষ্যে একত্রিত করার সক্ষমতা রয়েছে তার। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সাম্প্রতিক দুটি বড় ফুটবল আয়োজনের মাধ্যমে ট্রাম্প ও ইনফান্তিনোর সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। গত ডিসেম্বরে ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেওয়া হলে তাদের সম্পর্ক নতুন মাত্রা পায়।
তবে জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ফিফা ছাড়ার বিষয়ে ইনফান্তিনোর আগ্রহ আছে কি না, তা এখনো পরিষ্কার নয়। এমনকি এ বিষয়ে তিনি ট্রাম্পের সঙ্গে সরাসরি কোনো আলোচনা করেছেন কি না, সেটিও জানা যায়নি।
জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচিত হতে হলে প্রার্থীকে প্রথমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সুপারিশ পেতে হয়। এরপর সাধারণ পরিষদের অনুমোদন প্রয়োজন হয়।
এদিকে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক আর্জেন্টিনার রাফায়েল গ্রসি।
ট্রাম্পের বৈশ্বিক অংশীদারত্ববিষয়ক বিশেষ দূত পাওলো জাম্পাওলি ইনফান্তিনোর সম্ভাব্য মনোনয়নের পক্ষে মত দিয়েছেন। তার মতে, ফিফার মতো বৈশ্বিক সংস্থা পরিচালনার অভিজ্ঞতা ইনফান্তিনোর বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতার প্রমাণ।
জাম্পাওলি নিউইয়র্ক পোস্ট-কে বলেন, “জাতিসংঘের সদস্য ১৯৩টি রাষ্ট্র, আর ফিফার রয়েছে ২০০টির বেশি সদস্য সংস্থা। জিয়ান্নির অতীত কর্মকাণ্ড প্রমাণ করে তিনি জানেন কীভাবে একটি বড় আন্তর্জাতিক সংগঠন পরিচালনা করতে হয়।”
তবে এই গুঞ্জনের আগেই ইনফান্তিনো ঘোষণা দিয়েছেন, তিনি ফিফা সভাপতি হিসেবে পুনর্নির্বাচনে অংশ নিতে চান। আগামী বছরের মার্চে ফিফার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইনফান্তিনোর জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থিতার সম্ভাবনা নিয়ে যোগাযোগ করা হলেও ফিফার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
ভোরের আকাশ/সু.পা