আজ বিশ্ব সাইকেল দিবস

আজ ৩ জুন, বিশ্ব সাইকেল দিবস। পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত বাহন হিসেবে সাইকেলের ব্যবহারকে উৎসাহিত করতে প্রতি বছর বিশ্বজুড়ে বিশেষ এই দিনটি উদযাপিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি সাড়ম্বরে পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন সাইক্লিং ও রাইডার সংগঠনগুলো নানামুখী সচেতনতামূলক কর্মসূচি ও সাইকেল র্যালির আয়োজন করেছে।
বিশ্ব সাইকেল দিবস চালুর পেছনে রয়েছে একজন মানুষের অনন্য অবদান। যুক্তরাষ্ট্রের সমাজবিজ্ঞানের অধ্যাপক লেসজেক সিবিলস্কি (Leszek Sibilski) প্রথম বাইসাইকেলের গুরুত্ব তুলে ধরে বিশ্বব্যাপী একটি প্রচারাভিযান শুরু করেন। তার মূল লক্ষ্য ছিল, জাতিসংঘ যেন সাইকেলের উপকারিতা বিবেচনা করে এটিকে আন্তর্জাতিক দিবসের স্বীকৃতি দেয়।
২০১৫ সালে অধ্যাপক সিবিলস্কি সাইকেলের প্রচার ও প্রসার নিয়ে একটি একাডেমিক প্রকল্প শুরু করেন। পরবর্তীতে তার এই ব্যক্তিগত উদ্যোগ একটি বিশাল সামাজিক আন্দোলনে রূপ নেয়। বিশ্বজুড়ে সাইকেলপ্রেমী ও পরিবেশবাদীরা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করলে বিষয়টি জাতিসংঘের নজরে আসে।
অধ্যাপক সিবিলস্কির দীর্ঘ প্রচেষ্টার পর, ২০১৮ সালের ১২ এপ্রিল জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্র সর্বসম্মতিক্রমে ৩ জুনকে ‘বিশ্ব বাইসাইকেল দিবস’ হিসেবে ঘোষণা করে। এই ঐতিহাসিক প্রস্তাবটি পাসের ক্ষেত্রে মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান অগ্রণী ভূমিকা ও ব্যাপক সমর্থন জানিয়েছিল। পাশাপাশি বিশ্বের আরও প্রায় ৫৬টি দেশ এই প্রস্তাবে সহ-পৃষ্ঠপোষকতা বা কো-স্পনসর করে। সেই থেকে প্রতি বছর ৩ জুন বিশ্বজুড়ে এই দিবসটি নিয়মিত পালিত হয়ে আসছে।
ভোরের আকাশ/সু.পা