প্রথম দুই ম্যাচে ব্যর্থ বৈভব সূর্যবংশী, তৃতীয় ম্যাচে চার রেকর্ড

এশিয়া কাপ রাইজিং স্টার্সে ব্যাট হাতে অবিশ্বাস্য এক কীর্তি গড়েছেন ভারতের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই এক ম্যাচে ভেঙে দিয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি, দেড়শ ও ডাবল সেঞ্চুরির রেকর্ড। তবে এমন বিধ্বংসী ইনিংসের পেছনে ছিল নিজের আদর্শ যুবরাজ সিংয়ের দেওয়া বিশেষ পরামর্শ।
৫০ ওভারের ক্রিকেটে ১১ বলে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড আগে থেকেই ছিল সূর্যবংশীর দখলে। এবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ২৮ ছক্কা ও ১৫ চারে ২০৪ রানের ইনিংস খেলে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। তাঁর ব্যাটিং তাণ্ডবে এক পেশাদার ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও ভেঙে গেছে।
অথচ উঠতি তারকাদের এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি সূর্যবংশী। নেপালের বিপক্ষে ২৬ ও পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১ রান করে আউট হন তিনি। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে রীতিমতো রেকর্ডের ঝড় তোলেন এই তরুণ ব্যাটার।
আমিরাতের বিপক্ষে মাত্র ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ ও ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যবংশী। লিস্ট ‘এ’ ক্রিকেটে এই তিনটি কীর্তিই দ্রুততম। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৪.২ ওভারেই জয় নিশ্চিত করে ভারত ‘এ’ দল।
এদিন ৩৮৪.৯০ স্ট্রাইকরেটে ব্যাট করেন সূর্যবংশী। এর আগে ৫০ ওভারের ক্রিকেটে সেঞ্চুরি করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইকরেটের রেকর্ড ছিল এবি ডি ভিলিয়ার্সের, ৩৩৮.৬৩। সেই রেকর্ডও নিজের করে নেন ভারতের এই কিশোর।
প্রথম দুই ম্যাচে ব্যর্থতার পর কীভাবে ঘুরে দাঁড়ালেন, ম্যাচ শেষে সেই অভিজ্ঞতার কথাও জানিয়েছেন সূর্যবংশী। তিনি জানান, ম্যাচের আগে মাত্র চারজনের সঙ্গে কথা বলেছেন। তাঁদের মধ্যে ছিলেন তাঁর বাবা, ছোটবেলার কোচ মনীশ ওঝা, এক বন্ধু ও ভারতের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং।
যুবরাজের সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা হয় তাঁর। এ সময় নিজের ব্যাটিংয়ের সমস্যা ও মানসিক চাপের বিষয়গুলো খোলামেলাভাবে তুলে ধরেন সূর্যবংশী। যুবরাজ তাঁকে বিভিন্ন কারিগরি দিক বুঝিয়ে দেন এবং অন্তত ২০টি বল উইকেটে টিকে থাকার পরামর্শ দেন।
বিসিসিআইয়ের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সূর্যবংশী বলেন, ‘আমি খুব চাপে ছিলাম বলে তাঁর সঙ্গে খোলামেলা আলোচনা করেছি। তাঁকে বলেছিলাম, স্যার, ব্যাটিং করতে নামলে আমি কিছু সমস্যার মুখোমুখি হচ্ছি। তিনি প্রায় আধা ঘণ্টা ধরে সবকিছু বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছেন। মূলত তিনি বলেছেন, তুমি যদি ২০টি বল টিকে থেকে ব্যাট করতে পারো, তাহলে দলের স্কোর অন্যরকম হয়ে যাবে। তিনি আমাকে অনেক কারিগরি বিষয়ও শিখিয়েছেন। এসবই দারুণভাবে সাহায্য করেছে।’
যুবরাজের পরামর্শ মাঠে কাজে লাগানোর বিষয়েও কথা বলেছেন এই তরুণ ব্যাটার। সূর্যবংশীর ভাষ্য, শুরুতে পিচের আচরণ বোঝার চেষ্টা করেছিলেন তিনি। প্রথম দুটি বল ভালোভাবে খেলার পর বুঝতে পারেন, উইকেটে ব্যাটিং করা সহজ। এরপর নিজের দক্ষতার ওপর ভরসা রেখে খেলতে শুরু করেন।
তিনি বলেন, ‘কাজটা সহজ ছিল না। ঘরোয়া ক্রিকেটের আগের দুটি ম্যাচে রান পাইনি। কী হচ্ছে, তা বুঝতে না পারায় মন কিছুটা অশান্ত ছিল। যুবরাজ স্যার আমার আদর্শ। নিজের আদর্শের কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। সেটাই করেছি, আর তাতেই সাফল্য পেয়েছি।’
যুবরাজের কাছ থেকে পাওয়া পরামর্শের পাশাপাশি নিজের ব্যাটিংয়ের ভিডিও বিশ্লেষণ করেও ভুলগুলো খুঁজে বের করেছেন সূর্যবংশী। তিনি জানান, যুবরাজ তাঁকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পয়েন্ট ধরে বুঝিয়ে দিয়েছেন। পরে নিজের ব্যাটিংয়ের ভিডিও দেখে একটি জায়গায় বারবার একই ভুল করার বিষয়টি ধরতে পারেন তিনি।
ভোরের আকাশ/সু.পা