ফিফা বর্ষসেরা অনুষ্ঠানের পরবর্তী আসর দুবাইয়ে

ফিফা বর্ষসেরাদের পুরস্কার বিতরণীর আগামী বছরের অনুষ্ঠান ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ হবে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ে।আগামী বছর ফিফার বর্ষসেরা ফুটবলার, কোচ ও দলকে সম্মাননা জানানো অনুষ্ঠানের আয়োজক হিসেবে দুবাই নির্বাচিত হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বর্ষসেরা ফুটবলার অনুষ্ঠানে পুরুষ ও নারী ফুটবলারদের পাশাপাশি কোচ এবং দলকে সম্মাননা জানানো হয়। পুরস্কারপ্রাপ্তদের নির্ধারণ করা হয় ভক্ত, গণমাধ্যম প্রতিনিধি, জাতীয় দলের অধিনায়ক এবং কোচদের ভোটের মাধ্যমে।
দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্পোর্টস সামিটে জিয়ান্নি ইনফান্তিনো বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করতে পারছি যে, আমরা সেরা খেলোয়াড়, কোচ ও দলকে সম্মান জানানোর জন্য একটি নতুন অংশীদারিত্ব চূড়ান্ত করেছি এবং তা আগামী বছর দুবাইয়ে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, খেলাধুলার প্রতি আমাদের ভালোবাসা ও উৎসাহ অব্যাহত থাকবে। খেলাধুলা যেভাবে বিশ্বে একতা এবং সহযোগিতার বার্তা নিয়ে আসে, আমরা তা আরও বেশি উপভোগ করব।
ফ্রান্সের ফরোয়ার্ড উসমানে ডেম্বেলে ২০২৫ সালের কাতারের দোহায় অনুষ্ঠিত ফিফা বর্ষসেরা অনুষ্ঠানে পুরুষ বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। নারী বিভাগের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান স্পেনের মিডফিল্ডার আইতানা বোনমাতি।
ভোরের আকাশ/তা.কা