সাক্ষাৎকারের মাঝপথে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন

কোপা সুদামেরিকানা শিরোপা জয়ের পর লাইভ সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।
কলম্বিয়ার বারানকিলায় ব্রাজিলের অ্যাতলেটিকো মিনেইরোকে ২-০ গোলে হারানোর পর পারাদেস সাক্ষাৎকার দিতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে জানা গেছে, প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
পারাদেসকে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এরপর টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি হঠাৎ ঢলে পড়েন। ভিডিওতে দেখা যায়, এক সাংবাদিক তাকে মাটিতে পড়ে যাওয়া থেকে রক্ষা করার চেষ্টা করছেন।
তবে ভয় কেটে গেছে। কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর আর্জেন্টাইন এই ফুটবলার নিজেই হেঁটে ড্রেসিংরুমে যেতে সক্ষম হন। পরে সতীর্থদের সঙ্গে শিরোপা জয়ের আনন্দ উদ্যাপনেও যোগ দেন। ম্যাচের পর ইনস্টাগ্রামে লেখেন, ‘সবার শুভেচ্ছাবার্তার জন্য ধন্যবাদ। আমার শুধু মাথা ঘুরছিল।’
পারাদেসের নেতৃত্বে জেতা এই ট্রফির মাধ্যমে মহাদেশীয় শিরোপার জন্য বোকা জুনিয়র্সের ১৮ বছরের অপেক্ষা শেষ হলো। ২০২২ বিশ্বকাপজয়ী এই ফুটবলার ২০২৫ সালের জুলাইয়ে নিজের শৈশবের ক্লাবে ফিরেছিলেন। এর আগে ইউরোপে টানা ১২ মৌসুম কাটিয়েছেন। খেলেছেন রোমা, পিএসজি, জুভেন্টাস ও জেনিত সেন্ট পিটার্সবার্গের মতো ক্লাবে।
ভোরের আকাশ/আ.র