জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির

জাতীয় স্বার্থে যেখানে প্রয়োজন সেখানে সরকারকে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ দেশ-বিদেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।
রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: ভয়েসেস ফ্রম অস্ট্রেলিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতিতে জামায়াত আমিরকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে যেখানে সরকারের ভালো কাজের সমর্থন দেওয়া প্রয়োজন, সেখানে আমরা সমর্থন দেবো। আর যেখানে ভুল হবে, সেখানে প্রতিবাদ করবো। বিরোধী দলের দায়িত্ব হলো জনগণের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলা।
তবে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায়কে সম্মান করতে হবে, যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে দেশ পরিচালনা করতে হবে এবং দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। দেশের বর্তমান সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, আমরা শুধু আর্থিক রেমিট্যান্স নয়, প্রবাসীদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই। আমরা ইন্টেলেকচুয়াল রেমিট্যান্সের (মেধাভিত্তিক অবদান) পক্ষে কথা বলতে এসেছি। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মেধাবী বাংলাদেশিরা যেন তাদের জন্মভূমিতে ফিরে এসে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে চাই। আল্লাহ আমাদের সুযোগ দিলে তাদের সঙ্গে অতিথির মতো নয়, ভাই, সন্তান ও পিতার মতো আচরণ করবো।
জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে জামায়াত আমির বলেন, জুলাইয়ের যোদ্ধারা এখনো জীবিত আছেন। তাদের অনেকের হাত-পা নেই, কেউ চোখ হারিয়েছেন, কিন্তু তাদের মনোবল হারাননি। আমি আহত যোদ্ধাদের কাছে জানতে চেয়েছি, জাতির প্রয়োজনে আবারও কি লড়াই করতে পারবেন? তারা বলেছেন, একটি পা হারিয়েছি, অন্য পা তো আছে; ক্রাচে ভর করেও দেশের জন্য লড়াই করবো। জাতির প্রয়োজনে তারা আবারও জেগে উঠবেন।
জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরা সংসদেও কথা বলেছি। জনগণের রায়কে উপেক্ষা করে বাংলাদেশে রাজনীতি চলতে পারে না। জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। কোনো চাপ বা প্রলোভনে আমরা আমাদের আদর্শ ও অঙ্গীকার থেকে সরে আসবো না।
জামায়াত আমির বলেন, কোনো দল বা ব্যক্তি আমাদের শত্রু নয়। কোনো দল বা ব্যক্তি দেশের বিরুদ্ধে অপকর্ম করলে সেই অপকর্মই আমাদের প্রতিপক্ষ। আমরা একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ চাই। বাংলাদেশ একদিন বদলাবে এবং সেই পরিবর্তনের সারথি হবে এ দেশের জনগণ।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক ও গবেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটি-এর নির্বাহী পরিচালক শিবলী সোহাইল। এ ছাড়াও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবু ইউসুফ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবাল।
এতে অস্ট্রেলিয়ায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত প্রতিনিধিদের অনেকে তাদের বক্তব্যের মাধ্যমে প্রবাসীদের প্রত্যাশার কথা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
ভোরের আকাশ/এনএস