নতুন ইতিহাসের পথে লিওনেল মেসির আর্মব্যান্ড

লিওনেল মেসির পরিহিত আইকনিক ক্যাপ্টেন আর্মব্যান্ডটি ফুটবল ইতিহাসের এক চিরন্তন স্মারক হিসেবে আর্জেন্টিনার জাতীয় জাদুঘরে সংরক্ষিত হতে যাচ্ছে। আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের পর এই আর্মব্যান্ডটিকে বিশেষ মর্যাদায় চিরতরে সুরক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ফুটবল বিশ্বে এক নজিরবিহীন সম্মান।
এর আগে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক দিয়েগো ম্যারাডোনা অবসরের পর তার আর্মব্যান্ড একটি সংস্থার উদ্যোগে সংরক্ষণ হলেও মেসির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে ঘটছে তা। অন্যান্য অধিনায়ক যেমন দানিয়েল প্যাসারেলা, আন্তোনিও রাত্তিন কিংবা জাভিয়ের মাসচেরানোর মতো কিংবদন্তিদের ব্যবহৃত আর্মব্যান্ড সাধারণত তাদের ব্যক্তিগত সংগ্রহ বা বিভিন্ন প্রদর্শনীতে জায়গা পেলেও কোনো সরকারি বা জাতীয় জাদুঘরে স্থায়ী ‘অস্পর্শনীয় স্মারক’ হিসেবে সংরক্ষণের জন্য আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
মেসির এই আর্মব্যান্ড সংরক্ষণ কেবল তার গোল, অ্যাসিস্ট বা শিরোপা জয়ের স্বীকৃতি নয়; বরং এটি এমন এক কিংবদন্তির প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য, যার প্রভাব খেলার গণ্ডি পেরিয়ে গেছে অনেক দূর। এটি হবে এক স্বর্ণযুগের বাস্তব প্রতীক—যা তুলে ধরবে মেসির অনন্য নেতৃত্ব এবং জাতীয় দলের জার্সির প্রতি তার গভীর আবেগঘন সম্পর্ক।
সমর্থকদের জন্য এমন একটি স্মারক চিরতরে সুরক্ষিত রাখার সিদ্ধান্তটি এক অনন্য সম্মানের বহিঃপ্রকাশ। খুব কম ফুটবলারের ভাগ্যাতেই এমন সম্মান জোটে, যেখানে তাদের ব্যবহৃত পোশাক বা সামগ্রী দেশের ক্রীড়া ঐতিহ্যের অংশ হিসেবে অমরত্ব পায়।
মেসির এই আর্মব্যান্ডটি শেষ পর্যন্ত আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়ের চিরন্তন প্রতীক হয়েই থাকবে।
ভোরের আকাশ/আ.র