টিম ম্যানেজমেন্ট নিয়ে মন্তব্যের জবাব দিতে হবে মেহেদীকে

বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে টিম ম্যানেজমেন্ট নিয়ে প্রকাশ্যে মন্তব্য করায় তাকে শুনানির জন্য তলব করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মেহেদীর সাম্প্রতিক মন্তব্য বোর্ডের নজরে আসার পরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে বিসিবি। বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘আমরা তাকে শুনানির জন্য ডাকব। কারণ একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়। কিন্তু প্রকাশ্যে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে আঙুল তুলে সে মনে হচ্ছে সেই নিয়ম ভঙ্গ করেছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ২৯ রান করার পাশাপাশি বল হাতে একটি উইকেট নিয়েছিলেন মেহেদী। তবে পরের দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি এই অলরাউন্ডারের।
সিরিজ শেষে জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়ার হতাশার কথা জানান মেহেদী। সম্প্রচারমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আক্ষেপ তো থাকেই। আমি একজন ক্রিকেটার। আমি শুধু টি-টোয়েন্টি খেলি, কিন্তু এখানেও আমি নিয়মিত নই।
বেশিরভাগ সময় ম্যাচের প্রয়োজন বা কম্বিনেশনের কারণে আমি বাদ পড়ে যাই। এটা অবশ্যই হতাশাজনক। যদি আমি নিয়মিত খেলতে পারতাম, তাহলে আগের চেয়ে আরও ভালো পারফর্ম করতে পারতাম।’বিসিবির পক্ষ থেকে শুনানির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
ভোরের আকাশ/সু.পা