ফ্রেঞ্চ ওপেনে চওলিনস্কাকে হারিয়ে আন্দ্রেভার নতুন ইতিহাস

ফ্রেঞ্চ ওপেনের নারী এককের ফাইনালে পোল্যান্ডের মায়া চওলিনস্কাকে সরাসরি সেটে পরাজিত করে শিরোপা জিতেছেন রাশিয়ার তরুণ টেনিস তারকা মিরা আন্দ্রেভা। এটি তার ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়।
ফাইনালে ৬-৩, ৬-২ গেমে জয় পান ১৯ বছর বয়সী আন্দ্রেভা। এই জয়ের মাধ্যমে তিনি টেনিস ইতিহাসে বিশেষ এক কীর্তিও গড়েছেন। মনিকা সেলেসের পর সবচেয়ে কম বয়সে রোলাঁ গ্যারোর শিরোপা জয়ের তালিকায় নিজের নাম তুলেছেন তিনি।
এর আগে ১৯৯২ সালে প্যারিসে টানা তৃতীয় শিরোপা জিতেছিলেন ১৮ বছর বয়সী মনিকা সেলেস। অন্যদিকে, প্রথমবারের মতো এত বড় আসরে শিরোপা জিতে পুরুষ ও নারী মিলিয়ে ২০০৫ সালের পর জন্ম নেওয়া প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েছেন আন্দ্রেভা।
ম্যাচ শেষে অনুভূতি প্রকাশ করে আন্দ্রেভা বলেন, ছোটবেলা থেকেই তিনি ফ্রেঞ্চ ওপেন দেখতেন এবং এটি জেতা তার স্বপ্ন ছিল। ট্রফি হাতে পাওয়ার পরও তিনি বিশ্বাস করতে পারছিলেন না বলে জানান। প্রতিপক্ষ মায়া চওলিনস্কাকেও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাছাইপর্ব পেরিয়ে ফাইনালে ওঠা এবং ধারাবাহিক পারফরম্যান্স ছিল অসাধারণ।
অন্যদিকে রানারআপ মায়া চওলিনস্কা ফাইনাল শেষে আন্দ্রেভাকে অভিনন্দন জানিয়ে বলেন, তিনি দুর্দান্ত খেলেছেন। তবে সমর্থকদের আরও ভালো ম্যাচ উপহার দেওয়া সম্ভব ছিল বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আন্দ্রেভার ভবিষ্যতের জন্য শুভকামনা জানান পোলিশ এই খেলোয়াড়।
ম্যাচের শুরুতে কিছুটা নার্ভাস ছিলেন চওলিনস্কা। প্রথম গেমেই ডাবল ফল্টে পয়েন্ট হারান তিনি। শুরুতে দুজনেই নিজেদের সেরাটা খেলতে না পারলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেন আন্দ্রেভা। পরবর্তীতে একের পর এক গেম জিতে চাপ বাড়াতে থাকেন তিনি।
চতুর্থ গেমে সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেননি চওলিনস্কা। এরপর ম্যাচে পুরোপুরি আধিপত্য বিস্তার করেন আন্দ্রেভা। শেষ পর্যন্ত ৬-৩, ৬-২ গেমে সহজ জয় নিশ্চিত করেন তিনি।
এই জয়ের ফলে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ ছয়ের মধ্যে উঠে এসেছেন মিরা আন্দ্রেভা।
ভোরের আকাশ/সু.পা