চিকিৎসার জন্য মুম্বাই গেলেন সাদ উদ্দিন

উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ের উদ্দেশে দেশ ছেড়েছেন জাতীয় ফুটবল দলের নির্ভরযোগ্য খেলোয়াড় সাদ উদ্দিন। রোববার (২৯ নভেম্বর) এয়ার ইন্ডিয়ার সরাসরি ফ্লাইটে মুম্বাইয়ের পথে রওনা হন তিনি। তাঁর সঙ্গে সহায়তার জন্য একই ফ্লাইটে গেছেন তাঁর ভাই।
সাদ উদ্দিনের যাত্রার সময় বিমানবন্দরে বাফুফের একজন স্টাফ উপস্থিত থাকলেও জাতীয় দল ও মোহামেডানের কর্মকর্তা আমিরুল ইসলাম বাবু সেখানে যাননি।
শ্রীলঙ্কার বিপক্ষে সাফ টুর্নামেন্টের ম্যাচে গুরুতর আহত হন সাদ। চোটের কারণে এখন তাঁকে ক্রাচে ভর দিয়ে চলাফেরা করতে হচ্ছে। কবে নাগাদ আবার মাঠে ফিরতে পারবেন, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
পাকিস্তানের বিপক্ষে সাফের সেমিফাইনাল ম্যাচের শুরুতে সাদ উদ্দিনের জার্সি প্রদর্শন করে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছিলেন হামজারা। সাদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
জাতীয় দল কমিটির পর ফেডারেশনের নির্বাহী সভাতেও সাদের চিকিৎসার ব্যয়ভার নিয়ে আলোচনা হয়েছে। তাঁর চিকিৎসার পুরো খরচ বহনের সিদ্ধান্ত নিয়েছেন বাফুফে সভাপতি। ফিফার ক্লাব প্রটেকশন স্কিমের আওতায় সহায়তা পাওয়ার সুযোগ থাকলেও আপাতত নিজেদের উদ্যোগেই চিকিৎসার ব্যয় বহন করছে বাফুফে।
ভোরের আকাশ/সু.পা