ক্রীড়াসেবীদের জন্য ৮ কোটি ৪১ লাখ টাকার সহায়তা

অসচ্ছল, অসুস্থ ও আহত ক্রীড়াসেবীদের কল্যাণ এবং প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের উৎসাহিত করতে ২০২৫-২৬ অর্থবছরে মোট ৮ কোটি ৪১ লাখ ৭৪ হাজার টাকার ভাতা, বৃত্তি ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন।
সোমবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, রাজস্ব বাজেট থেকে ১ হাজার ৭৯৭ জন ক্রীড়াসেবীকে ৫ কোটি ৩৯ লাখ ১০ হাজার টাকা ক্রীড়া ভাতা দেওয়া হয়েছে। এছাড়া সিডমানির লভ্যাংশ থেকে ৪২ জন অসচ্ছল ও অসুস্থ ক্রীড়াসেবীকে ৩২ লাখ ৪০ হাজার টাকা চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এদিকে দেশের বিভিন্ন পর্যায়ের ১ হাজার ৪২৩ জন মেধাবী ও উদীয়মান ক্রীড়া শিক্ষার্থীকে ২ কোটি ৭০ লাখ ২৪ হাজার টাকা শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে। উপকারভোগীদের ব্যাংক হিসাবে বিইএফটিএন (BEFTN) পদ্ধতিতে সরাসরি অর্থ পাঠানো হয়েছে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত ক্রীড়াসেবীরা যাতে সরকারি সহায়তা পান, তা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দীর্ঘদিন খেলাধুলার সঙ্গে যুক্ত থেকেও যারা বর্তমানে অসচ্ছল জীবনযাপন করছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভাতার আওতায় আনা হবে।
তিনি আরও জানান, দেশের সব ক্রীড়া ফেডারেশনের সহযোগিতায় সাবেক খেলোয়াড়দের একটি নির্ভুল তথ্যভান্ডার তৈরি করা হবে। সেই তালিকার ভিত্তিতে যোগ্য ক্রীড়াসেবীদের স্থায়ীভাবে ভাতা কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে।
ক্রীড়াসেবীদের কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি বিদ্যমান ভাতা নীতিমালায় প্রয়োজনীয় সংস্কার এনে সহায়তা কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। সংশ্লিষ্টদের মতে, ক্রীড়াবিদদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভোরের আকাশ/সু.পা