অতিরিক্ত সময় ও টাইব্রেকারের প্রস্তুতি নিয়েই নামছে ব্রাজিল : আনচেলত্তি

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। সেই দুঃখজনক অভিজ্ঞতা ভালোভাবেই মনে রেখেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তাই এবারের নকআউট পর্বে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই জাপানের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
নকআউট ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ছাড়াও অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারের সম্ভাবনা থাকে। সেই বাস্তবতা মাথায় রেখেই দলকে প্রস্তুত করেছেন ইতালিয়ান কোচ আনচেলত্তি।
হিউস্টনে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, নকআউট ম্যাচে কী ঘটবে তা আগে থেকে অনুমান করা যায় না। তাই প্রতিটি সম্ভাবনার জন্য প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, “আগামীকালের ম্যাচের জন্য শুধু ফুটবল খেললেই হবে না, মানসিকভাবেও প্রস্তুত থাকতে হবে। নকআউট পর্বে অনেক কিছুই ঘটতে পারে—অতিরিক্ত সময়, এমনকি টাইব্রেকারও। আমরা সব দিক থেকেই প্রস্তুতি নিয়েছি।”
আনচেলত্তি আরও বলেন, “দল প্রস্তুত, আত্মবিশ্বাসী এবং অনুপ্রাণিত। শেষ দুটি ম্যাচ আমরা ভালো খেলেছি। তাই যাই ঘটুক না কেন, আমরা প্রস্তুত।”
এটি বিশ্বকাপ নকআউট পর্বে আনচেলত্তির প্রথম ম্যাচ। তবে অভিজ্ঞ এই কোচের কণ্ঠে চাপের কোনো ছাপ ছিল না। বরং তিনি স্মরণ করিয়ে দেন, এটি কোনো দুই লেগের ম্যাচ নয়—একটি ম্যাচেই সবকিছু নির্ধারিত হবে।
তার ভাষায়, “এটি এমন একটি ম্যাচ যেখানে হারলে আর ফিরে আসার সুযোগ নেই। তাই আমাদের আরও স্মার্ট হতে হবে। ব্রাজিলের খেলোয়াড়রা এই চাপ বোঝে। আমি দলের ওপর পূর্ণ আস্থা রাখছি।”
রোববার হিউস্টনের শেল এনার্জি স্টেডিয়ামে শেষ অনুশীলন করেছে ব্রাজিল। পুরো স্কোয়াডকে নিয়েই অনুশীলন করায় সম্ভাব্য শক্তিশালী একাদশ মাঠে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আনচেলত্তি একাদশ প্রকাশ করতে রাজি হননি।
হাস্যরসের সুরে তিনি বলেন, “আমি একাদশ এখনই বলতে চাই না। আপনাদের একটু অপেক্ষায় রাখতে চাই।” এরপর যোগ করেন, “যে খেলবে সে জানে, আর যে খেলবে না সে জানে না। খেলোয়াড়দের সঙ্গে আমি আলাদাভাবে কথা বলি। কোচের ঘুমই বরং কম হয়।”
ব্রাজিল দলে একমাত্র অনুপস্থিত খেলোয়াড় রাফিনহা। ডান উরুর চোট থেকে তিনি এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি। সম্ভাব্য একাদশে থাকতে পারেন অ্যালিসন, দানিলো, মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; ম্যাতিয়াস কুনহা, ভিনিসিয়ুস জুনিয়র ও রায়ান।
নকআউট ম্যাচে শুরু থেকে না খেললেও নেইমারকে কিছু সময়ের জন্য মাঠে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোচ বলেন, “নেইমার অনেক উন্নতি করেছে। গত এক সপ্তাহে তার অবস্থার উন্নতি হয়েছে। পুরো ক্যাম্পে অনুশীলন করতে না পারলেও সে ১৫ মিনিটের বেশি খেলতে পারবে।”
তিনি আরও জানান, ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে নেইমারের সময় নির্ধারণ করা হবে।
জাপানের বিপক্ষে ব্রাজিলের সামনে রয়েছে প্রতিশোধ নেওয়ার সুযোগও। গত বছরের প্রীতি ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও ৩-২ ব্যবধানে হেরেছিল সেলেসাওরা। সেই ম্যাচে গোলরক্ষক হুগো সৌজা ও ডিফেন্ডার ফ্যাব্রিসিও ব্রুনোর ভুলে জাপান জয় তুলে নেয়। তবে এবার সেই দুই খেলোয়াড় স্কোয়াডে নেই।
জাপানকে হারাতে পারলে শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ হবে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ী। তাই সেলেসাওদের লক্ষ্য শুধু জয় নয়, নকআউট যাত্রা আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করা।
ভোরের আকাশ/সু.পা