সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসে নবম বাংলাদেশ নারী হকি দল

এশিয়ান গেমসে নারী হকিতে সিঙ্গাপুরকে পেনাল্টি শুটআউটে হারিয়ে নবম স্থান অর্জন করেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশের মেয়েরা। এর মধ্য দিয়ে নিজেদের প্রথম এশিয়ান গেমসের অভিযান নবম স্থান দিয়ে শেষ করল তারা।
শুক্রবার (২ অক্টোবর) সকালে জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত নবম স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে দুই দল।
ম্যাচের ১০ মিনিটে দুর্দান্ত ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া। এরপর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ম্যাচের উত্তেজনা আরও বাড়ে। ৪২ মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িকভাবে মাঠের বাইরে চলে যান বাংলাদেশের লিমা আক্তার। ফলে কিছু সময় ১০ জন নিয়ে খেলতে হয় বাংলাদেশকে। এই সুযোগ কাজে লাগিয়ে দুই মিনিট পরই সমতায় ফেরে সিঙ্গাপুর।
৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সিঙ্গাপুরের হয়ে সমতা ফেরান তৌ লি মিন। এরপর নির্ধারিত সময়ের বাকি অংশে দুই দলই গোলের চেষ্টা করলেও আর কোনো গোল হয়নি। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচের নির্ধারিত সময়।
এরপর ম্যাচের ভাগ্য নির্ধারণে গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিয়ে নারী হকিতে নবম স্থান অর্জন করে বাংলাদেশের মেয়েরা।
ভোরের আকাশ/সু.পা