৯ গোল হজম করে আসিয়ান কাপ শেষ করল বাংলাদেশ

আসিয়ান কাপে বাংলাদেশের মিশনটা শেষ হলো বড় হতাশা নিয়ে। গ্রুপপর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর ফলে টানা তিন ম্যাচে পরাজয়ের পাশাপাশি কোনো পয়েন্ট ছাড়াই টুর্নামেন্ট শেষ করল জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীদের দল।
গ্রুপপর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল দলটি। তবে শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয় জামাল ভূঁইয়াদের।
শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে বাংলাদেশ। শুরুটা ছিল বেশ গোছানো। তবে ম্যাচের ১১তম মিনিটে গোল হজমের পরই যেন ছন্দ হারিয়ে ফেলে থমাস ডুলির শিষ্যরা। ওলে রোমেনির পাস থেকে লে বেকার গোল করে ইন্দোনেশিয়াকে এগিয়ে দেন।
ম্যাচের ২০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ইন্দোনেশিয়ার ব্যবধান দ্বিগুণ করেন লে বেকার। এর ১২ মিনিট পর রিজকি রিদোর পাস থেকে স্বাগতিকদের তৃতীয় গোলটি আসে।
ম্যাচের ৩৬তম মিনিটে বাংলাদেশ একটি গোল শোধ করে। সুকির ক্রস থেকে পাওয়া বলে হেড করে গোল করেন শাহরিয়ার ইমন। তবে এক মিনিট পরই আবারও বাংলাদেশের জালে বল পাঠান লে বেকার। নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ফলে প্রথমার্ধে বাংলাদেশ ৪-১ গোলে পিছিয়ে পড়ে।
এরপরও থামেনি ইন্দোনেশিয়ার আক্রমণ। ৪২তম মিনিটে নিজের চতুর্থ গোল করেন লে বেকার। প্রথমার্ধের যোগ করা সময়ে স্বাগতিকদের হয়ে ষষ্ঠ গোলটি করেন হাবনার। ফলে ৬-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ চালায় ইন্দোনেশিয়া। তবে ৮৯ মিনিট পর্যন্ত আর কোনো গোল হয়নি। এরপর যোগ করা সময়ের সাত মিনিটে আরও চার গোল হয়।
৯০তম মিনিটে ভিকেরি গোল করে ইন্দোনেশিয়ার ব্যবধান ৭-১ করেন। এর পরের মিনিটেই বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফারহান আলী ওয়াহিদ। এরপর কেভিন ডিকস ও লে বেকারের গোলে ইন্দোনেশিয়ার গোলসংখ্যা দাঁড়ায় নয়টিতে।
শেষ পর্যন্ত ৯-২ গোলের বড় ব্যবধানে হেরে আসিয়ান কাপের গ্রুপপর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ।
এই হারের ফলে তিন ম্যাচে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি বাংলাদেশ। গ্রুপের তলানিতে থেকেই টুর্নামেন্ট শেষ করেছে তারা। সমানসংখ্যক ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। মালয়েশিয়ার সংগ্রহ ৪ পয়েন্ট, আর সিঙ্গাপুর পেয়েছে ৩ পয়েন্ট।
ভোরের আকাশ/সু.পা