হারারে টেস্টে হারের পর ওয়ানডেতে চ্যালেঞ্জ দেখছেন শরিফুল

হারারে টেস্টে শোচনীয় হার দিয়ে সফর শুরু করেছে বাংলাদেশ দল। সেই বাস্তবতা মাথায় রেখেই আসন্ন ওয়ানডে সিরিজে কঠিন চ্যালেঞ্জের আভাস দিলেন টাইগার পেসার শরিফুল ইসলাম। জিম্বাবুয়ে থেকে পাঠানো ভিডিও বার্তায় শরিফুল বলেন, দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং সবাই এখন ভালো অবস্থায় আছে।
তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আমরা এখানে কয়েক দিন ধরে আছি। এখানকার আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। অনুশীলনে সবাই ভালোভাবে চেষ্টা করছে। সেটাই ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করব।”
জিম্বাবুয়ের বিপক্ষে হোম কন্ডিশনে খেলা সহজ হবে না বলেও মনে করেন এই বাঁহাতি পেসার। তিনি বলেন, সাম্প্রতিক সিরিজগুলোতে বাংলাদেশ ভালো করলেও এবার ভিন্ন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
শরিফুল বলেন, “গত কয়েকটা সিরিজ আমরা ভালো করেছি। চেষ্টা থাকবে আগের মতো প্রক্রিয়া অনুসরণ করে ধারাবাহিকতা ধরে রাখার। বোলিং-ব্যাটিং দুই দিকেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, “গত পাঁচ সিরিজ আমরা জিতেছি। যেহেতু এটা ওদের হোম কন্ডিশন, তাই একটু কঠিন হবে। তবে সেটা মাথায় না রেখে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে।”
ব্যক্তিগত লক্ষ্য নিয়ে খুব বেশি ভাবছেন না বলেও জানান শরিফুল। তার মতে, দলের সাফল্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমার কোনো ব্যক্তিগত লক্ষ্য নেই। আমি চাই দলগতভাবে সিরিজ জিততে এবং সবাই যেন ভালো পারফর্ম করতে পারে।”
ভোরের আকাশ/সু.পা