ক্রীড়াবিদদের সুরক্ষায় এনএসসি ও ল্যাবএইডের সমঝোতা চুক্তি

খেলাধুলার সঙ্গে ইনজুরির সম্পর্ক অবিচ্ছেদ্য। অথচ অনেক সময় চোটে পড়ার পর প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান না দেশের খেলোয়াড়রা। ক্রীড়াবিদদের এই সংকট বিবেচনায় তাঁদের স্বাস্থ্যসুরক্ষা ও কল্যাণে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এ লক্ষ্যে ল্যাবএইড গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।
চুক্তির আওতায় ক্রীড়া কার্ডধারী খেলোয়াড় ও তাঁদের পরিবারের সদস্যরা ল্যাবএইড হাসপাতাল, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এবং টেলিমেডিসিন সেবায় বিশেষ ছাড় পাবেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘সরকার এমন একটি ক্রীড়াব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে ক্রীড়াবিদরা প্রশিক্ষণ, চিকিৎসা, আর্থিক সহায়তা, কর্মসংস্থান, সামাজিক মর্যাদা এবং অবসর-পরবর্তী জীবনেও রাষ্ট্রীয় ও সামাজিক সহযোগিতা পাবেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সমন্বিত ক্রীড়াবিদ কল্যাণব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।’
সমঝোতা স্মারক অনুযায়ী, ক্রীড়া কার্ডধারী খেলোয়াড় ও তাঁদের পরিবারের সদস্যরা ল্যাবএইডের বিভিন্ন প্রতিষ্ঠানে বহির্বিভাগের প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষায় ৩০ শতাংশ ছাড় পাবেন। এ ছাড়া সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, ইকো, ইটিটি ও আলট্রাসনোগ্রামসহ নির্দিষ্ট পরীক্ষায় ১৫ শতাংশ ছাড় দেওয়া হবে। পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীদের বেড চার্জেও ছাড়ের সুবিধা থাকবে।
ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষা, বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা এবং ভর্তি রোগীদের বেড চার্জের পাশাপাশি কেমো ডে কেয়ার বেড চার্জেও বিশেষ ছাড় পাবেন ক্রীড়া কার্ডধারীরা।
এ ছাড়া লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ক্রীড়া কার্ডধারীরা নির্ধারিত ছাড়ে টেলিমেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, বাসায় নমুনা সংগ্রহ, অ্যাম্বুলেন্স বুকিংয়ে সহায়তা এবং বাসায় ওষুধ পৌঁছে দেওয়ার মতো সেবা গ্রহণ করতে পারবেন।
ভোরের আকাশ/সু.পা