পর্তুগালের হারে দায়িত্ব ছাড়ার ঘোষণা কোচ রবার্তো মার্টিনেজের

বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। ম্যাচ শেষে জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রবার্তো মার্টিনেজ। একই সঙ্গে জাতীয় দলের হয়ে নিজের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলা ক্রিশ্চিয়ানো রোনালদোর ভূয়সী প্রশংসাও করেন তিনি।
রোমাঞ্চকর প্রথমার্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে স্পেন-পর্তুগালের লড়াই। তবে দ্বিতীয়ার্ধে স্পেনের ধারাবাহিক আক্রমণের মুখে চাপে পড়ে যায় পর্তুগাল। শেষ পর্যন্ত মিকেল মেরিনোর একমাত্র গোলে জয় নিশ্চিত করে স্পেন এবং বিদায় নিশ্চিত হয় পর্তুগালের।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মার্টিনেজ জানান, সোমবারই তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ফলে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সামনে নতুন কোচ নিয়োগের সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘আমি পর্তুগালে এসেছিলাম বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্য পূরণ করতে না পারলে দায়িত্বে থেকে যাওয়ার কোনো অর্থ দেখি না।’
মার্টিনেজ আরও বলেন, ‘জাতীয় দলের হয়ে এটাই আমার শেষ ম্যাচ। এই দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। পর্তুগালে আমি এমন উষ্ণ অভ্যর্থনা পেয়েছি, যেন আমিও একজন পর্তুগিজ। এটি ছিল আমার জন্য আনন্দ, গর্ব এবং একই সঙ্গে বড় দায়িত্ব। এখন ফেডারেশনের বোর্ড ও সভাপতি নতুন কোচ বেছে নেওয়ার সুযোগ পাবেন। আজই আমার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।’
স্পেনের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি। মার্টিনেজের মতে, তার দল সাহসিকতার সঙ্গে লড়াই করেছে এবং ম্যাচের ফল নির্ধারণ করেছে কয়েকটি ক্ষুদ্র মুহূর্ত।
তিনি বলেন, ‘রক্ষণে আমরা সাহসী ছিলাম, আক্রমণাত্মক ফুটবল খেলেছি এবং ভালোভাবে ডিফেন্ড করেছি। কিন্তু শেষ ষোলোর মতো ম্যাচে ছোট ছোট মুহূর্তই বড় পার্থক্য গড়ে দেয়। বল পোস্টে লেগে বাইরে যাবে নাকি জালে জড়াবে, কিংবা শেষ মুহূর্তের একটি ফ্রি-কিক—এসবই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।’
বিদায়ী বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবদানের প্রশংসা করে মার্টিনেজ বলেন, ‘তাকে ধন্যবাদ জানাতেই হয়। তিনি একজন আদর্শ অধিনায়ক। শুধু গোল নয়, অ্যাসিস্টেও তিনি অসাধারণ অবদান রেখেছেন। প্রতিদিনের অনুশীলন, প্রস্তুতি এবং ফুটবলের প্রতি তার নিবেদন সবার জন্য অনুসরণীয়। তিনি সত্যিকারের একজন অনুকরণীয় ব্যক্তিত্ব।’
ভোরের আকাশ/সু.পা