যুক্তরাষ্ট্র ফুটবলে দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি, অবসরে টিম রিম

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার টিম রিম। দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে ৩৮ বছর বয়সে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
বর্তমানে মেজর লিগ সকারের ক্লাবে খেলা রিম দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় দলের হয়ে ৮৬ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। এই সময়ে যুক্তরাষ্ট্রকে দুটি কনকাকাফ নেশনস লিগ শিরোপা জিততেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ডিফেন্ডার।
নিজ দেশে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের অধিনায়কত্ব করেন রিম। তাঁর নেতৃত্বে দল নকআউট পর্বে জায়গা করে নেয়। তবে শেষ ষোলোয় বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র।
জন্মস্থান মিসৌরির সেন্ট লুইসে চিলির বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অবসরের সিদ্ধান্ত জানান রিম।
অবসরের ঘোষণা দিয়ে সাবেক ফুলহ্যাম ও বোল্টন ওয়ান্ডারার্সের এই তারকা বলেন, ‘১৬ বছর ধরে কোনো একটি বিশেষ যাত্রার অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। তবে এবার জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে।’
রিমের অবসরের দিন অনুষ্ঠিত প্রীতি ম্যাচে চিলিকে ৪-২ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। তাঁর বিদায়ের মধ্য দিয়ে মার্কিন ফুটবলে দীর্ঘ এক আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল।
ভোরের আকাশ/সু.পা