নতুন আরেকটি বৈশ্বিক টুর্নামেন্টের কথা জানাল আইসিসি

বিশ্বকাপকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করে তুলতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। স্কটল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির সর্বশেষ বার্ষিক বোর্ড সভায় দুই বৈশ্বিক টুর্নামেন্টের নতুন কাঠামো অনুমোদন করা হয়েছে। একই সভায় ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের নতুন প্রক্রিয়া এবং সহযোগী সদস্য দেশগুলোর জন্য একটি নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ১৪-ই থাকছে। তবে বদলে যাচ্ছে টুর্নামেন্টের ফরম্যাট। বর্তমান কাঠামোয় সাতটি করে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলে দলগুলো। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্সে উঠে, এরপর হয় সেমিফাইনাল ও ফাইনাল। নতুন ফরম্যাটে টুর্নামেন্ট শুরু হবে ‘সুপার সিরিজ’ নামে একটি নতুন পর্ব দিয়ে।
প্রথম ধাপ: সুপার সিরিজ
আইসিসি র্যাঙ্কিংয়ের ১২, ১৩ ও ১৪ নম্বর দলকে নিয়ে হবে তিন দলের একটি রাউন্ড-রবিন প্রতিযোগিতা। প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষস্থান অর্জনকারী দল মূল পর্বে জায়গা করে নেবে।
দ্বিতীয় ধাপ: গ্রুপ পর্ব :
সুপার সিরিজ থেকে উঠে আসা দলকে নিয়ে ছয়টি করে দল নিয়ে গঠন করা হবে দুটি গ্রুপ। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে মোট ছয়টি দল সরাসরি উঠবে ‘সুপার ৭’ পর্বে। তাদের সঙ্গে যোগ দেবে দুই গ্রুপ মিলিয়ে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া পরবর্তী সেরা একটি দল।
তৃতীয় ধাপ: সুপার ৭
এই নতুন পর্বে সাতটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। ফলে প্রতিটি দল খেলবে মোট ছয়টি ম্যাচ। এই পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চারটি দল সেমিফাইনালে উঠবে। সেখানে প্রথম দল খেলবে চতুর্থ দলের বিপক্ষে এবং দ্বিতীয় দল মুখোমুখি হবে তৃতীয় দলের। দুই সেমিফাইনালের বিজয়ীরা লড়বে শিরোপার জন্য। আইসিসির মতে, নতুন এই কাঠামোর ফলে টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ম্যাচের গুরুত্ব বজায় থাকবে। একই সঙ্গে বাড়বে প্রতিযোগিতা ও দর্শকদের আগ্রহ।
ভোরের আকাশ/সু.পা