‘বাতিল করে দেখাও’ ট্রাম্প ও ফিফাকে বেলজিয়ামের ব্যঙ্গ

লাল কার্ডজনিত নিষেধাজ্ঞায় থাকা ফুটবলার ফোলারিন বালোগানকে ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনা চলছিল। সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র। তবে মাঠে তার কোনো প্রভাবই দেখা যায়নি। স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রোমেলু লুকাকু ও কেভিন ডি ব্রুইনার বেলজিয়াম।
বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি বেলজিয়াম ফুটবল কর্তৃপক্ষ। তারা বিষয়টি নিয়ে ফিফার কাছে আবেদন করেছিল। তবে সেই আবেদন গ্রহণ করেনি ফিফা। ম্যাচে খেললেও বালোগান নিজের সামর্থ্যের ছাপ রাখতে পারেননি।
জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফা ও ট্রাম্পকে ইঙ্গিত করে ব্যঙ্গ করেছে বেলজিয়াম। ম্যাচে বেলজিয়ামের চতুর্থ গোলটি করেন রোমেলু লুকাকু। গোলের পর লুকাকুদের ছবি পোস্ট করে বেলজিয়াম ফুটবল ফেডারেশন ক্যাপশনে লেখে, ‘বাতিল করে দেখাও।’
শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, ম্যাচ শেষে বেলজিয়ামের ফুটবলারদের উদযাপনেও ছিল বিশেষ বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচিত নাচের ভঙ্গি অনুসরণ করে উদযাপন করতে দেখা যায় তাদের।
যদিও কারও নাম সরাসরি উল্লেখ করেনি বেলজিয়াম, তবে তাদের এই বার্তার লক্ষ্য যে ফিফা, সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো এবং ট্রাম্প—তা স্পষ্ট বলেই মনে করা হচ্ছে। বেলজিয়ামের বার্তা ছিল, মাঠের বাইরে নানা সিদ্ধান্ত নেওয়া গেলেও শেষ পর্যন্ত আসল পরীক্ষা হয় মাঠেই। আর সেই পরীক্ষায় যুক্তরাষ্ট্রকে দাঁড়াতেই দেয়নি তারা।
ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের কোচ মওরিসিও পচেত্তিনোর কণ্ঠেও উঠে আসে লাল কার্ড বিতর্কের প্রসঙ্গ। তবে দলের হারের কারণ হিসেবে তিনি এটিকে দায়ী করেননি। পচেত্তিনো বলেন, “খুব হতাশ লাগছে। নিজের ওপর রাগ হচ্ছে। লাল কার্ডের বিতর্ক আমাদের খেলায় কোনো প্রভাব ফেলেনি। অজুহাত দিয়ে লাভ নেই। আজ আমাদের দিন ছিল না।”
ভোরের আকাশ/সু.পা