হ্যামস্ট্রিং চোটে দুই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তৃষ্ণা, বদলি মেধা

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বিরতি কাটিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সামনে রয়েছে টানা দুটি বড় টুর্নামেন্ট—সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ এবং জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমস। এ দুটি প্রতিযোগিতার জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে ঘোষিত দলে পরিবর্তন আসছে। চোটের কারণে দুই টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। কয়েক দিন আগে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে ব্যথা পান তিনি। ব্যথা না কমায় স্ক্যান করানো হলে তাঁর গ্রেড-২ (টিআর-২) হ্যামস্ট্রিং ইনজুরি ধরা পড়ে।
চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ হতে তৃষ্ণার চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। ফলে আসন্ন নারী এশিয়া কাপে তাঁর খেলা হচ্ছে না। তাঁর পরিবর্তে কে দলে সুযোগ পাবেন, তা নিয়ে আলোচনা চলছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তৃষ্ণার বদলি হিসেবে দলে ডাক পেতে পারেন ফারজানা ইয়াসমিন মেধা।
আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দুবাইয়ে অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। অন্যদিকে, ‘এ’ গ্রুপে রয়েছে সাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং।
৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৮ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ১০ ও ১১ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। টুর্নামেন্টের সব ম্যাচই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে।
এশিয়া কাপের পর জাপানে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। র্যাংকিংয়ে তুলনামূলক ভালো অবস্থানে থাকায় বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। ১৭ সেপ্টেম্বর কোরোগি অ্যাথলেটিক পার্কে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। চীনের বিপক্ষে জিততে পারলে সেমিফাইনালে ভারতের অথবা জাপানের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে।
ভোরের আকাশ/সু.পা