কোচ নিয়োগে প্রথম ধাপে ব্যর্থতা, দ্বিতীয় ধাপে ভাইভায় ১০৬ জন

জেলা পর্যায়ে কোচ নিয়োগের প্রথম ধাপে আশানুরূপ ফল না পাওয়ায় নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন পরীক্ষায় লিখিত পর্ব পেরিয়ে ভাইভার জন্য মনোনীত হয়েছেন ১০৬ জন প্রার্থী।জেলা পর্যায়ের ৫৯টি এবং ঢাকা মহানগরের দুটি পদসহ মোট ৬১টি কোচের পদে নিয়োগ দিতে গত ২৩ ও ২৪ জুলাই পরীক্ষা আয়োজন করেছিল বিসিবি।
প্রথম দিন লিখিত এবং দ্বিতীয় দিন ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দফায় ২১৮ জন আবেদন করলেও অধিকাংশ প্রার্থী লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ১৭০ জনের বেশি প্রার্থী অকৃতকার্য হওয়ায় প্রাথমিকভাবে মাত্র ৩৯ জন নির্বাচিত হন, যা শূন্য পদের তুলনায় অনেক কম।
এ কারণে জেলা পর্যায়ের কোচ নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবি। দ্বিতীয় দফায় আবেদন গ্রহণের শেষ সময় ছিল ৩০ জুলাই।
এরপর গত ২ ও ৩ আগস্ট নতুন করে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩৭৩ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ২৩৩ জন। তাদের মধ্য থেকে ১০৬ জনকে মৌখিক পরীক্ষার (ভাইভা) জন্য মনোনীত করা হয়েছে। আজ ও আগামীকাল ভাইভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর চূড়ান্তভাবে কোচ নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি।
বোর্ড সূত্রে জানা গেছে, ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় শূন্য পদের তুলনায় কিছু বেশি সংখ্যক কোচের একটি প্যানেল তৈরি করার পরিকল্পনা রয়েছে বিসিবির।
ভোরের আকাশ/সু.পা