এএইচএফ কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল

ওমানে অনুষ্ঠিত এএইচএফ কাপ অনূর্ধ্ব-২০ নারী হকির ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শনিবার (১৮ জুলাই) রাতে শিরোপা জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি সাফল্য যোগ করল বাংলাদেশের নারী হকি।
বাংলাদেশে হকির ঐতিহ্য দীর্ঘদিনের হলেও নারী হকির যাত্রা তুলনামূলকভাবে নতুন। সম্প্রতি প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ সিনিয়র নারী হকি দল। এশিয়ান গেমস বাছাই পর্বে রানার্সআপ হয়ে তারা নিজেদের যোগ্যতায় আগামী এশিয়ান গেমসে খেলার টিকিট নিশ্চিত করে।
সিনিয়র দলের সেই সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ হকি ফেডারেশন এএইচএফ কাপ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে দল পাঠানোর সিদ্ধান্ত নেয়। সেই আস্থা সফলভাবে প্রতিদান দিয়ে পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা জিতেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-২০ দলের স্কোয়াডে সিনিয়র জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়ও ছিলেন, যা দলের পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এদিকে, শিরোপা জয়ের দিনই জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দেশের ২৬টি ক্রীড়া ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি বিলুপ্ত করে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে। বাংলাদেশ হকি ফেডারেশনও সেই তালিকায় রয়েছে।কমিটি পুনর্গঠনের দিনেই আন্তর্জাতিক শিরোপা জিতে নতুন কমিটির জন্য দারুণ এক সূচনা এনে দিয়েছেন নারী হকি খেলোয়াড়রা। একই সঙ্গে এটি বিদায়ী কমিটির সময়েরও একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হবে।
ভোরের আকাশ/সু.পা