আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন দাস

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রয়োজনীয় ১৮ রান করে এই কীর্তি গড়েন তিনি। বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন লিটন।
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামার আগে তিন ফরম্যাট মিলিয়ে লিটনের রান ছিল ৮ হাজার ৯২৯। প্রথম ইনিংসে ৫৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন ছিল ১৮ রান।
দ্বিতীয় ইনিংসে আগের দিন ৫ রান নিয়ে অপরাজিত ছিলেন লিটন। চতুর্থ দিন ব্যাট করতে নেমে ৭৬তম ওভারের শেষ বলে জিয়া উর রহমানের বলে সিঙ্গেল নিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
বাংলাদেশের হয়ে এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার বা তার বেশি রান করেছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।
আফগানিস্তানের বিপক্ষে ইনিংসে অবশ্য দুবার জীবন পেয়েছেন লিটন। ব্যক্তিগত ১৪ ও ২৬ রানে তাঁর ক্যাচ ছাড়েন ফিল্ডাররা। দুইবারই বোলার ছিলেন কায়েস আহমেদ। প্রথমবার স্লিপে কামাল ক্যাচ নিতে ব্যর্থ হন। পরে লিটনের ক্যাচ ধরতে গিয়ে ব্যর্থ হন কায়েস নিজেও। ক্যাচ মিসের পর তাঁকে ব্যথায় কাতরাতে দেখা যায়।
দুইবার পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ৬১ বলে টানা দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে নেন ডানহাতি এই ব্যাটার। বাউন্ডারির সুযোগ পেলে আক্রমণাত্মক ব্যাটিং করতেও পিছপা হননি তিনি।
ফরম্যাটভিত্তিক পরিসংখ্যানে টেস্টে লিটনের রান ৩ হাজার ৪০৯। এ সংস্করণে তাঁর সেঞ্চুরি ছয়টি ও অর্ধশতক ২২টি। ওয়ানডেতে পাঁচটি সেঞ্চুরি ও ১৪টি অর্ধশতকে তাঁর সংগ্রহ ২ হাজার ৮৬৯ রান। আর টি-টোয়েন্টিতে ১২৪ ম্যাচ খেলে করেছেন ২ হাজার ৭০৪ রান, যেখানে তাঁর অর্ধশতক ১৬টি; নেই কোনো সেঞ্চুরি।
ভোরের আকাশ/সু.পা