বিশ্বকাপ হতাশা ভুলে অনুশীলনে ফিরলেন লিওনেল মেসি

স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের হতাশা পেছনে ফেলে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। ফাইনাল শেষ হওয়ার ১০ দিন পর বুধবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামির অনুশীলন কেন্দ্রে যোগ দেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার।
ইএসপিএনের তথ্য অনুযায়ী, অনুশীলনে সতীর্থ লুইস সুয়ারেসের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে অংশ নেন মেসি। বিশ্বকাপ ফাইনালের পর প্রায় এক সপ্তাহ নিজ শহর রোজারিওতে পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। এ সময় অসুস্থ বাবা হোর্হে মেসির (৬৮) পাশেও ছিলেন মেসি। বিশ্বকাপ চলাকালীনই তার বাবার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে।
২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন মেসি। টুর্নামেন্টে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে দলের অন্যতম প্রধান ভরসা ছিলেন তিনি। তবে ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার।
ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে মেসি লিখেছিলেন, “কষ্টটা অনেক বড় এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে দলের লড়াই এবং কোটি মানুষের ভালোবাসা আমি সারাজীবন হৃদয়ে আগলে রাখব।”
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা দেননি মেসি। তবে ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির হয়ে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করেছেন তিনি। বিশ্বকাপের পর শিকাগো ফায়ার ও সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে মায়ামির হয়ে খেলতে পারেননি তিনি। এছাড়া অল-স্টার গেমের দল থেকেও তাকে বাইরে রাখা হয়।
ইন্টার মায়ামির কোচ গুইয়েরমো হোয়োস জানিয়েছেন, মেসি ও রদ্রিগো দে পলকে মাঠে ফেরাতে কোনো ধরনের তাড়াহুড়ো করা হবে না। তিনি বলেন, “বিশ্রাম খেলোয়াড়দের মানসিক ও শারীরিকভাবে পুনরুজ্জীবিত হতে সাহায্য করে। দীর্ঘ ৫০ দিনের বিশ্বকাপ অভিযানের পর তাদের পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। শতভাগ প্রস্তুত হলেই তারা মাঠে ফিরবেন।”
আগামী শনিবার এমএলএসে কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। এরপর ৫ আগস্ট লিগস কাপে মেক্সিকোর ক্লাব অ্যাটলেটিকো দে সান লুইসের মুখোমুখি হবে দলটি। সমর্থকদের প্রত্যাশা, খুব দ্রুতই মায়ামির জার্সিতে আবার দেখা যাবে মেসিকে।
ভোরের আকাশ/সু.পা