দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

দ্বিতীয় দিনে পুরোপুরি দাপট দেখালেও তৃতীয় দিনের প্রথম সেশন নিজেদের করে নিয়ে ম্যাচে ফিরেছে স্বাগতিক বাংলাদেশ। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়েছে পাকিস্তান। দিনের প্রথম সেশনে সফরকারীরা ৭২ রান যোগ করতে হারিয়েছে ৪ উইকেট।
রোববার (১০ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাসকিন ও মিরাজের আঘাতে দ্রুত উইকেট হারায় পাকিস্তান। লাঞ্চ পর্যন্ত তাদের সংগ্রহ ৫ উইকেটে ২৭১ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনও ১৬২ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।
দিনের শুরুটা অবশ্য ভালোই ছিল পাকিস্তানের। টেস্ট অভিষেকে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা তৃতীয় পাকিস্তানি ব্যাটার হিসেবে নাম লেখান আজান আওয়াইজ। ১৪টি চারে ১০৩ রান করে তিনি তাসকিন আহমেদের শিকার হন। স্লিপে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার। তার সঙ্গে আব্দুল্লাহ ফজলের ১০৪ রানের জুটি ভাঙে ২১০ রানে।
এরপর দ্রুতই চাপে পড়ে পাকিস্তান। দলীয় ২২৬ ও ২২৭ রানে আরও দুটি উইকেট হারায় তারা। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ মাত্র ৯ রান করে তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হন। এরপর কোনো রান না করেই মেহেদী হাসান মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সৌদ শাকিল।
পরপর উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় স্কোরে আরও ৩ রান যোগ হতেই মিরাজের বলে আউট হন সেট ব্যাটার আব্দুল্লাহ ফজল। তাইজুল ইসলামের হাতে ক্যাচ দেওয়ার আগে ৬০ রান করেন তিনি। তার বিদায়ে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।
লাঞ্চ বিরতিতে সালমান আলী আগা ১২ এবং মোহাম্মদ রিজওয়ান ৮ রানে অপরাজিত রয়েছেন।
ভোরের আকাশ/সু.পা