ফুটবল নয়, এবার নতুন লুকে শিরোনামে ভিনিসিয়ুস

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর ব্রাজিল দল ও ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে সমালোচনা হয়েছিল। এবার আবারও আলোচনায় এসেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা, তবে ফুটবলীয় কোনো কারণে নয়; নিজের চেহারায় পরিবর্তন আনতে কসমেটিক সার্জারি করানোর কারণে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম টিএমসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ শেষে চিবুকের আকৃতি পরিবর্তনের জন্য অস্ত্রোপচার করিয়েছেন ভিনিসিয়ুস। জোইয়ানিয়ার একটি ক্লিনিকে বিখ্যাত ডার্মাটোলজিস্ট ডা. আলেসান্দ্রো আলারসাও তার এই অস্ত্রোপচার সম্পন্ন করেছেন।
সার্জারির পর নিজের নতুন চেহারার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ভিনিসিয়ুস। পাশাপাশি আগের কিছু ছবিও শেয়ার করেছেন তিনি। তুলনামূলক ছবিগুলোতে তার চেহারায় পরিবর্তন স্পষ্ট দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অনেকেই। কেউ কেউ জানিয়েছেন, প্রথম দেখায় তাকে চিনতে কিছুটা কঠিন লাগছে।
এর আগে স্পেনে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে গিয়ে একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস। ধারণা করা হচ্ছে, এসব অভিজ্ঞতাও নিজের চেহারা পরিবর্তনের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। তবে সার্জারি করানোর নির্দিষ্ট কারণ নিয়ে ভিনিসিয়ুস নিজে কোনো মন্তব্য করেননি।
ভোরের আকাশ/সু.পা