বিশ্বকাপজয়ী রুইজ-গাভিকে টমেটো দিয়ে ব্যতিক্রমী সংবর্ধনা

বিশ্বকাপ জয়ী ফুটবলারদের পুরস্কৃত করার প্রচলিত পদ্ধতি হতে পারে অর্থ, গাড়ি কিংবা বাড়ি উপহার দেওয়া। তবে স্পেনের লস পালাসিওস শহর কর্তৃপক্ষ বেছে নিয়েছে একেবারেই ভিন্ন এক উপায়। বিশ্বচ্যাম্পিয়ন ফাবিয়ান রুইজ ও পাবলো পায়েজ গাভিরা ‘গাভি’-কে সম্মান জানানো হয়েছে তাদের শরীরের ওজনের সমপরিমাণ স্থানীয় টমেটো দিয়ে।
১৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জয়ের পর দেশে ফেরে স্পেনের জাতীয় দল। মাদ্রিদে বর্ণাঢ্য প্যারেডে লাখো মানুষের ভালোবাসা পাওয়ার পর নিজ শহর লস পালাসিওসে ফেরেন রুইজ ও গাভি। সেখানে তাদের পরিবেশবান্ধব ও স্থানীয় ঐতিহ্যভিত্তিক এই সম্মাননা দেওয়া হয়।
লস পালাসিওস সিটি কাউন্সিলের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে দুই ফুটবলারকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। শহরের অন্যতম পরিচিত ঐতিহ্য টমেটো দিয়ে তাদের সম্মানিত করা হয়। দুজনের ওজনই ৬৮ কেজি হওয়ায় প্রত্যেকে পেয়েছেন ৬৮ কেজি করে টমেটো।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রুইজ ও গাভির সম্মানে শহরের দুটি ফুটবল ভেন্যুর নাম পরিবর্তনের পরিকল্পনাও করা হচ্ছে। মারিসমাস ও সান সেবাস্তিয়ান স্টেডিয়ামের নাম রাখা হতে পারে ফাবিয়ান রুইজ এবং পাবলো পায়েজ গাভিরা ‘গাভি’র নামে।
স্থানীয় দল এডি মসকুইয়ো, লা লিয়ারা বালোম্পি ও লস পালাসিওস সিএফ এসব মাঠকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে। এর আগে একই শহরে সাবেক বিশ্বকাপজয়ী জেসুস নাভাসের নামেও একটি ক্রীড়া কমপ্লেক্স তৈরি করা হয়েছিল।
মঙ্গলবারের অনুষ্ঠানে খেলোয়াড়দের একটি স্মৃতিস্তম্ভের মডেলও উপহার দেওয়া হয়। সিটি কাউন্সিল জানিয়েছে, হুয়ান হোসে ভাকুয়েরো অ্যাভিনিউতে স্থাপন করা হবে ওই স্মৃতিস্তম্ভ, যা জেসুস নাভাস, ফাবিয়ান রুইজ ও গাভির প্রতি স্থায়ী শ্রদ্ধার নিদর্শন হয়ে থাকবে।
ভোরের আকাশ/সু.পা