বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে ‘বড় অর্জন’ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

গেল কয়েক দিন ধরে দেশের ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রে ব্রাজিলের বাংলাদেশ সফরের সম্ভাবনা। পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে। দেশটির সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের ম্যাচ আয়োজনের বিষয়টি নিয়ে ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে এমন বড় ম্যাচ আয়োজন করতে সরকারের গুরুত্বপূর্ণ সহায়তা ও ভূমিকা প্রয়োজন বলে জানিয়েছেন বাফুফের এক সদস্য।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজেও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ব্রাজিলের সমর্থক। আজ দুপুরে বক্সিং কোচিং কোর্সের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকেরা তাঁকে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনের বিষয়ে প্রশ্ন করেন।
জবাবে তিনি বলেন, ‘বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা হয়েছে। তবে ব্যয় ও আনুষঙ্গিক বিষয় নিয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। আলোচনা হলে এটি বাস্তবায়নের চেষ্টা করব।’
ব্রাজিলের বাংলাদেশে আসার আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রতিমন্ত্রী। তবে বাংলাদেশে ব্রাজিলের বিপুলসংখ্যক সমর্থক থাকলেও ম্যাচটি আয়োজন করতে বাফুফেকে কোটি কোটি টাকা ব্যয় করতে হতে পারে। এত বড় অঙ্কের অর্থ খরচ করে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজন করলে দেশের ফুটবলের প্রকৃত উন্নয়ন কতটা হবে, সে বিষয়ে অবশ্য আশাবাদী নন ক্রীড়া প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে দেশের ফুটবল কতটা এগিয়ে যাবে, এ নিয়ে আমি খুব বেশি আশাবাদী নই। বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশ খেললে সেটি আমাদের আশা ও স্বপ্নপূরণের বিষয় হবে। বিশ্বকাপে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার বিপুল সমর্থন রয়েছে। তাই বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে সমর্থকদের ইচ্ছা পূরণ হবে। কিন্তু এই ম্যাচের পর দেশের ফুটবলে বড় ধরনের পরিবর্তন আসবে—এই বিষয়ের সঙ্গে আমি একমত নই।’
দেশের ফুটবলের অবকাঠামোগত সংকট ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের ফুটবলে অবকাঠামোগত সমস্যা রয়েছে। ফেডারেশন এ নিয়ে কাজ করছে, আমরাও সহযোগিতা করছি। নতুন কুঁড়ির মাধ্যমে ফুটবলসহ অন্যান্য খেলায় প্রতিভাবান ক্রীড়াবিদ তুলে আনার চেষ্টা চলছে।’
২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ওই ম্যাচ আয়োজনের আর্থিক দায় এখনো বাফুফেকে বহন করতে হচ্ছে। এরপর থেকেই ফুটবলাঙ্গনে আলোচনা ছিল, আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো বিশ্বসেরা দলগুলোর বিপক্ষে বাংলাদেশ কেন খেলছে না।
নানা সীমাবদ্ধতা ও পারিপার্শ্বিকতার মধ্যেও শেষ পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আয়োজন সম্ভব হলে সেটিকে বড় অর্জন হিসেবে দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘বিষয়টি এখনো বেশ প্রাথমিক পর্যায়ে রয়েছে। বাফুফে ব্রাজিলের প্রতিনিধি দলকে ভেন্যু দেখিয়েছে। এ বিষয়ে তারা আমাদের বিস্তারিত জানাবে। ব্রাজিল যদি বাংলাদেশে আসে এবং আমাদের জাতীয় দলের সঙ্গে খেলে, তাহলে সেটি অবশ্যই অনেক বড় অর্জন হবে।’
ভোরের আকাশ/সু.পা