লাউতারোর জোড়া গোলে ইন্টারের রোমাঞ্চকর জয়

সান সিরোয় ইন্টার মিলান ও নাপোলির ম্যাচে ছিল রোমাঞ্চের ছড়াছড়ি। অথচ গোলশূন্য প্রথমার্ধ ছিল অনেকটাই নিষ্প্রাণ। তবে দ্বিতীয়ার্ধে মাত্র ৪০ মিনিটের ব্যবধানে পাঁচ গোলের দেখা মেলে। দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত লাউতারো মার্তিনেজের জোড়া গোলে নাপোলিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার।
গোলশূন্য প্রথমার্ধের পর মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে যায় নাপোলি। গোল দুটি করেন মাত্তেও পলিতানো ও রাসমুস হয়লুন্দ। তবে ম্যাচে মোট ২৯টি শট নিয়ে নাপোলির ওপর শুরু থেকেই চাপ ধরে রাখে ইন্টার।
৫৬তম মিনিটে লাউতারো মার্তিনেজের গোলে ঘুরে দাঁড়ানোর শুরু করে ইন্টার। এরপর মার্কাস থুরাম হেডে গোল করে সমতা ফেরান। ম্যাচের নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে, অর্থাৎ ৯১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ইন্টারকে জয়সূচক গোল এনে দেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।
জয়সূচক গোলের পর লাউতারোর উদযাপনও আলোচনায় আসে। বিজ্ঞাপনী বেষ্টনীর ওপর দাঁড়িয়ে স্বাগতিক সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে যোগ দেন আক্রমণভাগের সতীর্থ মার্কাস থুরামও। ফরাসি ফরোয়ার্ডের এমন উদযাপনও নজর কাড়ে।
ম্যাচ শেষে লাউতারো বলেন, ‘মার্কাস আজ আমার সঙ্গে যোগ দিয়েছিল। সে সবসময় আমাকে বলে, সেখানে ওঠার জন্য আমি পাগল। কারণ সে কখনো সেখানে উঠতে চায় না। কিন্তু এবার সে আমার সঙ্গে যোগ দিল।’
নাপোলির বিপক্ষে জোড়া গোল করে ইন্টারের হয়ে সিরি আ-তে নিজের গোলসংখ্যা ১৩৪-এ নিয়ে গেছেন লাউতারো। ক্লাবটির লিগ ইতিহাসে তাঁর চেয়ে বেশি গোল করেছেন কেবল বেনিতো লরেঞ্জি (১৩৮) ও গিউসেপ্পে মেয়াজ্জা (১৯৭)। ফলে ইন্টারের সিরি আ ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এখন লাউতারো।
ভোরের আকাশ/সু.পা